বড়দিনেও কর্মব্যস্ত দিন কাটাবেন ইউরোপীয় পর্যবেক্ষকরা
আর দশটা বড়দিনের মত নয়। একেবারেই ভিন্নভাবে দিনটি পালন করতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নয় নির্বাচন পর্যবেক্ষক। আসন্ন সাধারণ নির্বাচন দেখার জন্য গত রোববার তারা ঢাকা এসেছেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশ ছাড়ছেন না।
নির্বাচন পর্যবেক্ষণে এবার ইইউর নির্বাচন পর্যবেক্ষন মিশন(ইওএম)-এর প্রায় দুশ’ সদস্য অংশ নেবে। তিন ধাপে এসব পর্যবেক্ষক বাংলাদেশে এসে কাজ করবে। এদের মধ্যে ইইউর জার্মান পার্লামেন্ট সদস্য আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডরফের নেতৃত্বে মূল দলটি গত ১৭ ডিসেম্বর ঢাকায় এসেছে।
কীভাবে বড়দিন উদযাপন করা হবে জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের ইওএমের প্রেস অফিসার সারাহ ফ্রেজলি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্দেহ নেই এবারকার ক্রিসমাস ডে অন্যভাবে কাটবে।”
তিনি বলেন, "এবার প্রথম ঢাকায় বড়দিন কাটাতে যাচ্ছি। যেখানে উৎসব উদযাপনটা হবে কর্মব্যস্ততা, আপনজনদের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় ও খানিক অবসরের সংমিশ্রণ।"
বড়দিনের সম্ভাব্য বর্ণনা দিতে গিয়ে সারাহ বলেন, "দিনের প্রায় পুরো সময়টা কাটবে কর্মব্যস্ততায়। সোমবার প্রথমভাগে সবাইকে কাজে ব্যস্ত থাকতে হবে। কেননা পর্যবেক্ষকদের দ্বিতীয় দলটি এ মাসের শেষে বাংলাদেশ আসছে। তাই তাদের জন্য যাবতীয় প্রস্তুুতি নেয়ার পাশাপাশি নিজেদেরও বেশ কিছু জরুরি কাজ রয়েছে।"
সারাহ জানান, রাতে তারা (ইওএমের সদস্যরা) একসঙ্গে নৈশভোজে মিলিত হবেন। বড়দিনে এটাই তাদের একমাত্র অনুষ্ঠান। এছাড়া সন্ধ্যায় সুযোগ পেলে ঢাকার বড়দিনের উৎসব দেখার ইচ্ছেও তাদের আছে।
গত এক সপ্তাহের ঢাকা সফরে মুগ্ধ হয়েছেন সারাহ ফ্রেজলি।
তিনি বলেন, "গত কয়েকদিনের অভিজ্ঞতা অত্যন্ত চমৎকার। খুব অল্প পরিসরে দেখার সুযোগ হলেও বলতে দ্বিধা নেই যথেষ্ট আকর্ষণীয় মনে হয়েছে বাংলাদেশকে। সবচেয়ে বেশী ভালো লেগেছে এদেশের বন্ধুবৎসল জনগণকে। আশা করি আগামী দিনগুলোতে এদেশের অন্য অংশ ঘুরে দেখার সুযোগ হবে। তৃপ্তির মাত্রাও বাড়বে।"
