২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিল নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে ১৪ দলের আলোচনা

তফসিল পুনঃনির্ধারণ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়নসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সঙ্গে ১৪ দলের একটি প্রতিনিধি দলের আলোচনা চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৈঠক শুরু হয় শনিবার দুপুর দূ’টার দিকে নির্বাচন কমিশনে।

১৪ দলের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। অন্য সদস্যরা হলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, পংকজ ভট্টাচার্য, নূরুল ইসলাম ও সাবেক সচিব মোকাম্মেল হক।

বৈঠক শুরুর আগে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন,“আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে এসেছি। এর মধ্যে রয়েছে তফসিল পুনঃনির্ধারণ, নির্বাচন কমিশন পুনর্গঠন, কমিশনে নিযুক্ত বিতর্কিত ব্যত্তিদের অপসারণ, তালিকা থেকে ভুয়া ভোটার বাদ দিয়ে প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্ত ও ভোটার তালিকা প্রতিটি নির্বাচন অফিসে টানিয়ে দেওয়া।”

তফসিল নিয়ে আলোচনা করবেন কিনা - এই প্রশ্নের জবাবে তিনি বলেন,“আমরা সব বিষয় নিয়েই আলোচনা করবো।”

হাসানুল হক ইনু বলেন,“আমরা কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করবো তারা ‘ভোটার তালিকা নির্ভুল’ বলছে কোন তথ্যের ভিত্তিতে?”

তিনি আরো বলেন, “ ভোটার তালিকায় যে অনেক ত্রুটি রয়েছে সে ব্যাপারে আমাদের কাছে তথ্য আছে। এমন ভোটার তালিকা দিয়ে কিভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভব?”

তিনি আরো বলেন,“রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে সংবিধান লংঘন করেছেন। নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরি না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করে প্রচলিত আইন ও সংবিধান লংঘন করেছে।”

মোকাম্মেল হক বলেন,“এই ভোটার তালিকায় সোয়া দুই কোটি ভুয়া ভোটার রয়েছে। বাদ দেওয়া হয়েছে ৬০ লাখ প্রকৃত ভোটার। এটা শুধু আমাদের বক্তব্য নয় এনডিআই-এর রির্পোটেও তাই বলা হয়েছে।”