মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত এখনও নেয়নি মহাজোট
শেষ দিন ২৪ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র জমার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার রাতে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “শোনা যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানো হবে। দেখি অপেক্ষা করি।”
তিনি আরও বলেন, “আমরা কাল (রবিবার) পর্যন্ত দেখবো।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “মহাজোট অবশ্যই নির্বাচনে অংশ নেবে। কিন্তু, তার আগে ভোটার তালিকা সংশোধন করতে হবে। দাবি বাস্তবায়ন করতে হবে। প্যাকেজের পরিপূর্ণ বাস্তবায়ন হতে হবে।
তিনি বলেন, “ভোটার তালিকা সংশোধনে ১৯৮২ সালের ইলেকটোরাল অ্যাক্ট এবং ১৯৮২ সালের ইলেকটোরাল রুলস মানা হয়নি। জাল ভোটার তালিকায় সঠিক নির্বাচন হতে পারে না।”
ড. কামাল হোসেনসহ বিশিষ্ট আইনজীবিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের ঘটনায় তীব্র নিন্দা জানান আব্দুল জলিল। একই সঙ্গে তিনি চার্জশিট প্রত্যাহারেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদও বলেছেন, বর্তমান তফসিলে ঘোষিত সময়সূচি অনুযায়ী রোববারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
শনিবার দলের সভাপতিমণ্ডলীর সভা থেকে বের হয়ে সাংবাদিকদেরকে তিনি বলেন, “আমরা শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবো পরবর্তী কর্মসূচি কী হবে।”
তোফায়েল আরও বলেন,“আজকের দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার কি সিদ্ধান্ত নেয় তার ওপর নির্ভর করছে আমরা কী কর্মসূচি দেবো।”
অন্য এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদেরকে বলেন, “মহাজোট পুরোপুরিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।”
লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) নিশ্চিত করেছে রোববার তারা মনোনয়নপত্র জমা দিচ্ছে না ।
দলের প্রেসিডিয়াম সদস্য মাহী বি. চৌধুরী বলেছেন, “রোববার মনোনয়ন জমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না।”
শনিবার সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এলডিপি সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, নির্বাহী সভাপতি অলি আহমেদসহ সিনিয়র নেতাদের আড়াই ঘন্টার বৈঠকের পর বের হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
