বঙ্গভবনে জরুরি বৈঠকে বসেছেন উপদেষ্টারা
পঞ্চমবারের মতো নির্বাচনী তফসিল পরিবর্তন হবে কী-না তা নির্ধারণ করতে শনিবার দুপুরে বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শুরু হয়েছে।
শনিবারের এ বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারকেও ডেকে আনা হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হওয়ার মাত্র এক দিন আগে বঙ্গভবনের এ বৈঠকের উপরই রাজনীতির গতি-প্রকৃতি নির্ভর করছে বলে সবার দৃষ্টিই এখন বঙ্গভবনের দিকে ।
নির্বাচনে অংশ নেওয়ার শর্ত হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, এলডিপি, ও এরশাদের জাতীয় পার্টি নির্বাচনের তফসিল পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। বৈঠকে দুই নির্বাচন কমিশনার সম জাকারিয়া এবং মোদাব্বির হোসেন চৌধুরীর ছুটিতে যাওয়ার বিষয়টিও আলোচিত হবে বলে সূত্র জানিয়েছে।
এর আগে ২০ ডিসেম্বর চতুর্থদফায় তফসিল পুনঃনির্ধারণ করে নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২২ জানুয়ারি ঠিক রেখে অন্যান্য সময়সূচিতে রদবদল আনা হয়। তবে একই দিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এই তফসিল প্রত্যাখানের ঘোষণা দেয়।
সেসময় নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জারি করা নতুন সময়সূচি অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী কাল রোববার।
এর আগে প্রথম দফায় কমিশন ২৭ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে। এই তফসিল অনুযায়ী, ২০০৭ সালের ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর, বাছাইয়ের দিন ১১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর ঘোষণা করা হয়।
দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর ঘোষিত হয় পুনঃনির্ধারিত তফসিল। এতে নির্বাচনের দিন ঠিক করা হয়েছিল আগামি ২৩ জানুয়ারি। এছাড়া মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২০০৬ সালের ২১ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ ডিসেম্বর ঠিক করা হয়।
তৃতীয় দফায় আবারও ১৮ ডিসেম্বর পরিবর্তন করা হয় তফসিল। ২৩ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোট গ্রহণের তারিখ একদিন এগিয়ে এনে নির্ধারণ করা হয় ২২ জানুয়ারি। তখন মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, বাছাই ও প্রত্যাহারের দিনক্ষণ ঠিক রাখা হয়েছিল।
সর্বশেষ চতুর্থ দফায় ২০ ডিসেম্বর আবারও তফসিল পরিবর্তন করা হয়। আজকের এই বৈঠকের পর যদি আবারও তফসিল পুনঃনির্ধারন করা হয়। তবে তা হবে পঞ্চম বারের মত তফসিল পুনঃনির্ধারন।
