চাঁপাইনবাবগঞ্জে আ’লীগের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিজি গ্রামে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে জামায়াতের রোকন নজিবুর রহমান নিহত হয়েছেন।
স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা নজিবুর রহমানকে (৫৫) হত্যা করেছে।
কয়েক দিন আগে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনা নিয়ে ১৪ দল ও চার দলের মধ্যে উত্তেজনা চলছিল। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে এই সংঘর্ষ বাধে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেছেন, ধারালো অস্ত্র দিয়ে নাজিবুরের মাথা কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
তিনি জানান, ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিবদমান দুই পক্ষ কয়েক রাউণ্ড গুলি ছোড়ে। এতে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে।
এ সংবাদ লেখা পর্যন্ত নজিবুর রহমানের লাশ ঘটনাস্থলে পড়েছিল।
