লবীর মনোনয়ন না মেলার জন্য দায়ী করা হলো মান্নান ভূঁইয়াকে
আসন্ন সংসদ নির্বাচনে খুলনায় আলী আসগর লবী, সাবেক হুইপ আশরাফ হোসেন এবং ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল বিএনপির মনোনয়ন না পাওয়ায় তাদের অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েছেন।
লবী সমর্থকরা এ ঘটনার জন্য বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ‘একনায়কতান্ত্রিক মনোভাবকে’ দায়ী করে বলেছেন “সন্ত্রাসী, চাঁদাবাজদের পুরস্কৃত করা হলে খুলনা মহানগরীতে কেউ বিএনপি করবে না।”
লবী, আশরাফ ও হেলাল সমর্থকরা তাদের নেতাদের মনোনয়নের দাবিতে খুলনা-২, ৩ ও ৪ নির্বাচনী এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। খুলনা-৪ এর রূপসা উপজেলার কুদীর বটতলায় বিআরটিসির একটি বাস ভাংচুর করা হয়।
খুলনা-২ আসনে সাবেক সাংসদ আলী আসগার লবীর মনোনয়ন দাবিতে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কেন্দ্র থেকে খুলনা মহনগরী বিএনপিকে নিয়ে যে নোংরা খেলা শুরু হয়েছে তাতে দল দুর্বল হয়ে পড়ছে। এর জন্য মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়াকে দায়ী করে সমাবেশে বলা হয়, তার একনায়কতান্ত্রিক আচরণ এবং মিথ্যাচারের কারণে এলডিপির সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন লবীকে মনোনয়ন দেয়া না হলে তার পরিণাম শুভ হবে না। সমাবেশে বক্তৃতা করেন নগর বিএনপির সদস্য সচিব সাহারুজ্জামান মর্জিনা, জাফরুল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম মেঝ ভাই, কাজী মো. রাশেদ প্রমুখ।
অন্যদিকে, শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে খুলনা-৪ আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালের মনোনয়ন দাবিতে এলাকাবাসী সংবাদ সম্মেলন করে। হেলালকে মনোনয়ন দেওয়া না হলে তারা গণপদত্যাগসহ কাফনের কাপড় মাথায় বেঁধে নির্বাচনী এলাকা অবরুদ্ধ করে রাখার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান ইকবাল শরীফ। সকালে খুলনা-৪ নির্বাচনী এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিআরটিসির একটি বাস ভাংচুর করে বলে রূপসা থানা পুলিশ জানায়।
এছাড়া খুলনা-৩ আসনে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমানের মনোনয়নের বিরোধিতা করে সমাবেশ করেন সাবেক হুইপ আশরাফ হোসেনের অনুসারীরা।
