২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দল ও সমমনাদের নির্বাচনে যাওয়া ঠিক হবে না: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি অলি আহমদ বলেছেন, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল এবং সমমনা দলগুলোর নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এলডিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার তিনি বলেন, “সব সংকটের জন্য দায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।”

তিনি বলেন, “ইয়াজউদ্দিন একের পর এক সমস্যা সৃষ্টি করে চলেছেন। বিএনপি সমর্থক মোদাব্বির হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার নিয়োগ করে তিনি সমস্যা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। সময় নষ্ট করেছেন ৫৫ দিন।”

সময় মত নির্বাচন অনুষ্ঠান না হলে প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিনই দায়ী থাকবেন বলে এলডিপির নির্বাহী সভাপতি হুশিয়ারী উচ্চারণ করেন।

তিনি বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচন করার মধ্য দিয়ে খালেদা জিয়া আবার ক্ষমতায় যাওয়ার নীলনকশা করেছেন। কিন্তু এলডিপি, ১৪ দল এবং সমমনা দলগুলো পাতানো কোন নির্বাচন মেনে নেবে না।”

মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর প্রতি জোরদার ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান তিনি ।

তিনি কৃষক লীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিলকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা জানান।

অলি আহমদ অভিযোগ করেন, পুলিশের বর্তমান আইজি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের পক্ষে কাজ করছেন।