২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান তফসিলে নির্বাচনে যাবে না এলডিপি: মেজর মান্নান

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেছেন, বর্তমান তফসিলে তারা নির্বাচনে যাবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 08:10 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শুক্রবার সন্ধ্যায় আব্দুল জলিলের বাসায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তবে বৈঠকে আসন ভাগাভাগি বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করলেও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্ল্যাহর উপস্থিতিতে মেজর মান্নান বলেন, এলডিপি ৬০টি আসন চাইবে।

বিকেল ৪টা থেকে পৌনে ৭টা পর্যন্ত প্রায় তিন ঘন্টার বৈঠকের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।”

আসন ভাগাভাগি বিষয়ে এলডিপি মহাসচিব বলেন, “তা নিয়ে কোনো কথাই হয়নি। যেহেতু আমরা নির্বাচনে যেতে প্রস্তুত নই, সেহেতু আসন ভাগাভাগি নিয়ে আলোচনার প্রশ্নই আসে না।”

আন্দোলনের জন্য কি ধরণের কর্মসূচি আসতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ওপর সেটা নির্ভর করছে। নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। নীল নকশার নির্বাচনে আমরা অংশ নেবো না। এখনও প্যাকেজ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে যেতে পারি না।”

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পরিস্থিতি সব সময়ই বদলাচ্ছে। পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করছে আমরা কি করবো।”

বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপি নেতা আনোয়ারুল কবীর তালুকদার, মনি স্বপন দেওয়ান ও রেদোয়ান আহমদ।

আওয়ামী লীগের পক্ষে ছিওলন সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফরউল্ল্যাহ।