জাকারিয়ার ছুটি নিয়ে নির্বাচন কমিশন এখনও অন্ধকারে
নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার ছুটি বিষয়ে কমিশন এখনও কিছু জানে না।
কমিশনের মুখপাত্র সচিব আব্দুর রশীদ সরকার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “উনি ছুটিতে গেছেন কি না-তা আমি জানি না। গতকাল (বৃহস্পতিবার) তিনি অফিসে আসেননি, আমি শুধু এটুকুই বলতে পারি।”
তবে সচিবের সঙ্গে স ম জাকারিয়ার সার্বক্ষণিক যোগাযোগ আছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
কমিশনে তাঁর অনুপস্থিতির বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বেসরকারি টেলিভিশনগুলোর সংবাদ দেখে তিনি বেলা ২ টার দিকে সচিবকে টেলিফোন করেন। স ম জাকারিয়া কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে সচিবের সঙ্গে আলাপ করেন।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, “কোনো কমিশনার ছুটিতে গেলে সিইসিকে জানাতে হয়। কিন্তু এ বিষয়টি আমি জানি না। আমি কোনো ছুটির দরখাস্ত পাইনি। এ ছাড়া তাঁর সঙ্গে আমার কোনো যোগাযোগও হয়নি। আমি নিজেও এ বিষয়ে কোনো খোঁজখবর নিইনি।”
বুধবার রাতে টেলিভিশনে দেওয়া তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের বক্তব্য উদ্ধৃত করে ভারপ্রাপ্ত সিইসি আরও বলেন, “গত রাতে টেলিভিশনে দেখলাম তাঁকে ছুটিতে যাওয়ার জন্য উপদেষ্টারা অনুরোধ করবেন। কিন্তু আদৌ অনুরোধ করা হয়েছে কি না, তা জানি না। ছুটিতে যাওয়ার প্রশ্নটি স ম জাকারিয়ার ব্যক্তিগত ব্যপার।”
নির্বাচনের প্রস্তুতি চলছে
এদিকে ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি চলছে। গত কয়েকদিন ধরে জেলায় জেলায় সিল, গালা, অমোচনীয় কালি, স্ট্যাম্প প্যাড, নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড-ইত্যাদি উপকরণ পাঠানো হচ্ছে।
কমিশনের এক জরুরি পরিপত্রে নির্বাচন কর্মকর্তা-কর্মচারিদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। কোরবানীর ঈদের দিন তারা শুধু একদিন ছুটি পাবেন। প্রয়োজনে নির্বাচন কর্মকর্তা-কর্মচারিদের দিনরাত কাজ করার জন্যও পরিপত্রে নির্দেশ দেওয়া হয়।
কমিশন সচিব আব্দুর রশীদ সরকার শুক্রবার ছুটির দিনেও কমিশন সচিবালয়ে এসে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে বৈঠক করেন।
সচিব আব্দুর রশীদ সরকার জানান, হালনাগাদ করা ভোটার তালিকা ছাপার কাজ এখন প্রায় শেষ। অধিকাংশ জেলায় এই মূদ্রিত তালিকা পাঠানো হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকাটি তৈরিতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকা। ৮ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত তালিকা সংশোধনের কাজে ১ লাখ ৪০ হাজার নির্বাচন কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করেন। এর জন্য বাজেট ১৫ কোটি টাকা।
এবার ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩।
