২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে ভাংচুরের ঘটনায় ১৩ আইনজীবীর বিরুদ্ধে চার্জশিট

সুপ্রিমকোর্টে ভাঙচুর মামলায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ ১৩ আইনজীবীর বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করেছে শুক্রবার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর নাইমুর রহমান তদন্ত শেষে সিএমএম বিশেষ আদালতে চার্জশিটটি দাখিল করেন।

সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাজাহান সিরাজের জামাতা ব্যারিস্টার ওমর সাদাত মুখ্য মহানগর আদালতে ৪ ডিসেম্বর মামলাটি দায়ের করেছিলেন।

মামলার আর্জিতে আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হলেও চূড়ান্ত প্রতিবেদনে এর উল্লে¬খ নেই।

বাদী তার আর্জিতে বলেন, ৩০ নভেম্বর বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিট মামলার শুনানির উপর প্রধান বিচারপতি স্থগিতাদেশ দেন। এর পরপর ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের নেতৃত্বে অপর আসামীরা অ্যাটর্নি জেনারেলকে ভয়ভীতি দেখান। আসামিদের নির্দেশ ও প্ররোচনায় বহিরাগত সন্ত্রাসীরা প্রধান বিচারপতির খাস কামরা ও তাঁর আদালতে ভাংচুর চালিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেছে।

এতে আরো বলা হয়, আসামী সুব্রত চৌধুরী সুপ্রিম কোর্টের সামনে টাঙানো জাতীয় পতাকা নামিয়ে ফেলেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আসামিদের নির্দেশ ও প্ররোচনায় আদালতের এক কর্মকর্তার গাড়িতে অগ্নিসংযোগ করে বিপুল পরিমাণ টাকার ক্ষতি করা হয়েছে।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলাটি দায়ের করেছিল ১৪ দল।