মহাজোটে গণফোরাম চায় ২২ আসন, ওয়ার্কার্স পার্টি ১৫টি
আসন্ন নির্বাচনে মহাজোটে ২২টি আসন চেয়েছে ১৪ দলীয় জোটভুক্ত গণফোরাম। আর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চেয়েছে ১৫টি।
বৃহস্পতিবার রাতে আব্দুল জলিলের গুলশানের বাসায় দল দু’টি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠকে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এই আলোচনায় বসে।
রাত সাড়ে ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত গণফোরাম নেতা পংকজ ভট্টাচার্য ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম কথা বলেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে।
এই বৈঠক সম্পর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “গণফোরাম ২২/২৩টি আসন চেয়েছে। তবে নির্বাচনে মহাজোটের নিশ্চিত আসনের ব্যাপারে তারা ছাড় দিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “তাদের ব্যাপারে আমাদেরও মূল্যায়ন আছে। পরিস্থিতির বিচারে সব কিছূ চূড়ান্ত হবে।”
গণফোরামের সঙ্গে বৈঠকের আগে একই স্থানে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস ও হায়দার আকবর খান রনো ‘মহাজোটে’র আসন বন্টন নিয়ে কথা বলেন।
পরে রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন “আমরা ৪০টি আসন চেয়েছি। তবে অগ্রাধিকার ভিত্তিতে কমপক্ষে ১৫টি আমাদের দিতে বলেছি।”
বিমল বিশ্বাসও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা ১৫ আসন চেয়েছি। দেখি শেষ পর্যন্ত কী হয়। কারণ এখন বাস্তবতা ভিন্ন। জোটে জাতীয় পার্টি এবং এলডিপিও আছে। তবে শেখ হাসিনার সঙ্গে আলোচনার পরে সব কিছু চূড়ান্ত হবে।”
ওয়ার্কার্স পার্টি এ বিষয়ে শুক্রবার শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায় বলে তিনি জানান।
এই দুই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিলের সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলির সদস্য তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক ও শেখ ফজলুল করিম সেলিম।
