বান্দরবানে সেনা উচ্ছেদ অভিযানে আশ্রয়হারা শত শত পাহাড়ি
পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উচ্ছেদ অভিযানে সাড়ে সাতশ’ পাহাড়ি পরিবার ভিটেমাটি হারিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাহাড়ি নেতা জানিয়েছেন, উচ্ছেদ হওয়া পাহাড়িরা গত তিন সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন।
সেনা সদর দপ্তরের পক্ষ থেকে ওই উচ্ছেদ অভিযানের কথা স্বীকার করা হয়েছে।
এ বিষয়ে পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “সামরিকায়ন করে অনেক আগেই পার্বত্য চট্টগ্রামে সমস্যা সৃষ্টি করা হয়েছে।”
তিনি বলেন, “বান্দরবানের সদর ও রুমা থানায় গোলন্দাজ বাহিনী জমি অধিগ্রহণের নামে জুম্মদের (পাহাড়ি) ১১ হাজারেরও বেশি একর জমি দখলের অভিযান চালাচ্ছে।”
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, “এই ভূমি দখল সম্পূর্ণ অবৈধ; এটি পাহাড়ের ভূমি ব্যবস্থাপনা বিষয়ক আইন, প্রচলিত প্রথা ও রীতিনীতির পরিপন্থী।”
তিনি বলেন, “এ সব দমননীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দাবি করছি, অবিলম্বে উচ্ছেদ হওয়া জুম্মদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ও তাদের পুনর্বাসন করার।”
স্থানীয় সূত্র জানায়, সেনা বাহিনীর সদস্যরা গত ৪ ডিসেম্বর বান্দরবানের ভাগ্যকুল, কদুখোলা, সুয়ালক ও টংকাবতির পাহাড়ি গ্রামগুলোতে উচ্ছেদ অভিযান চালায়। এতে ভিটেমাটি হারা হয় সাড়ে ৭০০ জুম (পাহাড়ের ঢালে বিশেষ ধরনের চাষাবাদ) চাষী পাহাড়ি পরিবার। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মধ্যে ম্রো, বম, চাকমা ছাড়াও কিছু বাঙালি রয়েছে।
ক্ষতিগ্রস্তরা জেলা প্রশাসককে আগাম স্মারকলিপি দিলেও শেষ পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান বন্ধ হয়নি।
ওই স্মারকলিপিতে বলা হয়, “১৯৯১-৯২ সালে সেনা বাহিনীর গোলন্দাজ বাহিনী প্রশিক্ষণের জন্য সুয়ালকের রেনিক্ষ্যং মৌজা, সুয়ালক মৌজা ও টংকাবতি মৌজায় ১১ হাজার ৪৪৫ একর জমি অধিগ্রহণ করে। সে সময় অধিগ্রহণের বিষয়ে ‘স্বার্থবাজরা’ এলাকার লোকজনকে এ সম্পর্কে কিছু জানায়নি। নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে সাড়ে সাতশ’ পাহাড়ি ও বাঙালি পরিবারকে ভূমিহারা করা হয়। তাদের কোনো রকম পুনর্বাসনও করা হয়নি।”
স্মারকলিপিতে ক্ষতিগ্রস্তরা দ্বিতীয় দফায় উচ্ছেদ না করার জন্য জেলা প্রশাসকের প্রতি আবেদন জানালেও কোনো কাজ হয়নি।
আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল আনিসুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই উচ্ছেদ অভিযানের কথা স্বীকার করেন।
কর্নেল আনিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বান্দরবানে সামরিক বাহিনীর প্রশিক্ষণ এলাকায় অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়েছে।”
তিনি বলেন, “প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহল বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন।”
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রামের আয়তন পাঁচ হাজার ৯৩ বর্গমাইল। পাহাড়ি-বাঙালি মিলিয়ে সেখানের জনসংখ্যা আনুমানিক ১৫ লাখ।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেনা বাহিনীর সঙ্গে সাবেক গেরিলা গ্রুপ শান্তি বাহিনীর দু’দশকের রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের অবসান ঘটে।
কিন্তু বিলুপ্ত শান্তিবাহিনীর সাবেক প্রধান সন্তু লারমা বরাবরই অভিযোগ করে আসছেন, ‘অপারেশন উত্তরণের’ নামে পাহাড়ে এখনও সেনা শাসন চলছে।
