২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিন পরিস্থিতি জটিলতর করছেন: জলিল

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান উপদেষ্টার পদে থেকে পরিস্থিতিকে জটিলতর করে তুলছেন বলে অভিযোগ করেছেন আব্দুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তিনি রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলেছেন, “সেনাবাহিনীর অপব্যবহার করবেন না। বিশ্রামের নামে সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না। সেনা সদস্যদের রাজাকারের হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না।”

বৃহ¯পতিবার রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ন্যাম ফ্লাটে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “ইয়াজউদ্দিন আহম্মেদ আপনি পরিস্থিতিকে এমন দিকে নিয়ে যাবেন না যাতে বঙ্গভবন ঘেরাও করতে জনগণ বাধ্য হয়।”

তিনি আরও বলেন, “বঙ্গভবনকে সবদিক থেকে অচল করার ব্যবস্থা নেবে জনগণ।”

জলিল অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার জনগণের ৫৪ দিন চুরি করেছে এবং অবৈধ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসাবে সব অপকর্মের হোতা হয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর করছেন।

সম্প্রতি একজন উপদেষ্টার বক্তব্যকে মিথ্যাচার হিসাবে আখ্যায়িত করে আব্দুল জলিল বলেন, “জ্ঞানপাপীরা একটার পর একটা মিথ্যা কথা বলে নির্বাচনকে অনিশ্চায়তার দিকে নিয়ে গেলে রাষ্ট্রপতিকে তার দায়-দায়িত্ব নিতে হবে।”

তিনি বলেন, “চারজন উপদেষ্টা যখন সব উপদেষ্টার সই করা গুচ্ছ প্রস্তাব নিয়ে এসেছিলেন তখন গত পাঁচ ডিসেম্বর ১৪ দল ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে সম্মত হয়েছিল।”

আব্দুল জলিল বলেন, ছলচাতুরী, মিথ্যাচার, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে বিচ্ছিন্ন প্রস্তাব দিয়ে সময়ক্ষেপণ করে তত্ত্বাবধায়ক সরকারের খালেদা জিয়াকে ক্ষমতায় আনার চক্রান্ত সফল হবে না।”

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, বিমল বিশ্বাস প্রমুখ।