জোটের সিদ্ধান্তের বাইরে চট্টগামে আরও তিন জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল
চার দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত না মেনে জামায়াতে ইসলামীর আরও তিন নেতা চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিয়েছেন বৃহস্পতিবার।
আগের দিন বুধবারও জামায়াতের আরও তিন নেতা মনোনয়ন জমা দিয়েছেন। এ নিয়ে জমায়াতের ছয় নেতা জোটের সিদ্ধান্তের বাইরে প্রার্থীতা ঘোষণা করলেন।
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে চার দলীয় জোট শুধুমাত্র সাতকানিয়ার আসনটিতে জামায়াত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির সাবেক দুই মন্ত্রীও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আর জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মৌলানা মমিনুল হক চৌধুরী চট্টগ্রাম-১৫ (বাঁশখালী), সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মৌলানা শফিকুল মাওলা চট্টগ্রাম-২ (সীতাকুণ্ড) ও সন্দ্বীপ উপজেলা শিবিরের সাবেক প্রচার সম্পাদক আলাউদ্দীন শিকদার চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নগর জামায়াতের আমীর মৌলানা শামসুল ইসলাম এসব জামায়াত নেতার মনোনয়ন জমা দান প্রসঙ্গে বলেন, “কেন্দ্রীয়ভাবে জোটের আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি বলে তারা মনোনয়ন চেয়েছেন। প্রয়োজনে পরে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে।”
এসব প্রার্থী ছাড়া বুধবার আরও পাঁচ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানিয়েছেন। এ নিয়ে গত দুইদিনে চট্টগ্রামের ১৫টি আসনে মনোনয়নপত্র জমাদানকারীর সংখ্যা দাঁড়ালো ৩১ এ।
বৃহস্পতিবার সাবেক দুই মন্ত্রী ছাড়া যে সব বিএনপি নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন চট্টগ্রাম–১২ (আনোয়ারা) আসনে মোঃ আবচার, চট্টগ্রাম–১৩ (সাতকানিয়া) আসনে অধ্যাপক শেখ মহিউদ্দিন, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে আহমদ ছৈয়দ চৌধুরী ও চট্টগ্রাম–২ (সীতাকুণ্ড) আসনে অধ্যাপক আসলাম চৌধুরী।
এছাড়া, বাঁশখালী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন খতমে নবুয়ত মুভমেন্ট নেতা মোঃ আব্দুল আলীম নিজামী।
নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানিয়েছেন, মনোনয়নপত্র শুক্রবার ও শনিবারও জমা দেয়া যাবে।
