আসন বন্টন নিয়ে হাসিনার সঙ্গে কথা বললেন এরশাদ
আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে শুক্রবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বৈঠক হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাপ্তাহিক ছুটির দিন সুধাসদনে গিয়ে সাবেক বিরোধী দলীয় নেতার সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের বিষয় নিয়ে দীর্ঘ বৈঠক করেন বলেও জানা গেছে।
কালো রঙের মার্সিডিজ গাড়িতে চড়ে সকাল ৮টা ৪৯ মিনিটে এরশাদ সুধাসদনে এসে পৌঁছান। সে সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ।
দু ঘন্টারও বেশী সময় অবস্থানের পর সকাল ১১টায় সুধা সদন থেকে বেরিয়ে যান সাবেক এই রাষ্ট্রপতি। সাংবাদিকদের অনুরোধ সত্ত্বেও এরশাদ কোনো কথা বলেননি।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ সকালে চা খেতে সুধা সদনে এসেছিলেন। স্বভাবতই চা খাওয়ার ফাঁকে রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।
তিনি আলোচনার বিষয় নিয়ে সরাসরি কিছু না বললেও জানান, আন্দোলন ও নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। আসন ভাগাভাগির বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। প্রার্থী তালিকা চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়েছে।
এরশাদ সুধা সদনে আসার পর সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে সেখানে আসেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের,কাজী জাফরউল্যাহ ও আব্দুল জলিল ।
