২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে বিদেশী চাপ রয়েছে: অর্থ উপদেষ্টা

সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তর্জাতিক চাপের বিষয়টি স্বীকার করলেন অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

অর্থ উপদেষ্টার এ স্বীকারোক্তিতে বোঝা গেল প্রধান বিরোধী দল বা জোট ছাড়া নির্বাচন করলে তা দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। (আরও তথ্যসহ)

বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগকারী অর্থ উপদেষ্টা আকবর আলি খান অবশ্য একথাটিই সরাসরি বলে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের বিরাগভাজন হয়েছিলেন। ৩০ নভেম্বর আকবর আলি বলেছিলেন, “সব দল অংশ না নিলে ওই নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায় না।”

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিএমইএ প্রতিনিধিদের সঙ্গে এক সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সব দলের অংশগ্রহণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমাদের ওপর উন্নয়ন সহযোগীদের চাপ রয়েছে।”

অর্থ উপদেষ্টা বলেন, “দাতারা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা দেয় বলে তাদের যৌক্তিক প্রত্যাশাগুলো আমরা উপেক্ষা করতে পারি না। এগুলো আমাদের দেখতেই হয়।”

রাজনৈতিক অস্থিরতার মধ্যেও রপ্তানি আয় আশানুরূপ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড ইতিবাচক। অর্থনীতির উন্নয়নের ধারা যাতে ব্যহত না হয় সে বিষয়ে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।”

অর্থ উপদেষ্টা বলেন,“বিশ্বব্যাংকের প্রতিনিধি, অষ্ট্রেলীয় রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। তাদের এভাবে কথা বলার ধরনকে চাপ বলি আর না বলি, যৌক্তিক বিষয়গুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হয়।

সব দলের অংশগ্রহণে নির্বাচনে নিজেদের ঐকান্তিক চেষ্টার তিনি বলেন, “সব দলকে নিয়ে আনন্দঘন পরিবেশে যাতে নির্বাচন করতে পারি সে চেষ্টাই আমরা করছি”।

সব দলের অংশগ্রহণে নির্বাচন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দেশের বাইরে যাতে আমাদের ছোট হতে না হয়, সে দিকে সংশ্লিষ্ট সবার লক্ষ্য রাখতে হবে। সমস্যা থাকতেই পারে। এগুলো আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে সবাইকে নির্বাচনের দিকে টানতে হবে।

১৪ দলের দাবি প্রসঙ্গে তিনি বলেন, মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য তিন দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। “তারা নিশ্চয়ই এই তিন দিন ভেবে দেখবেন।”

১৪ দল নির্বাচনে অংশ না নিলে কী হবে এমন এক প্রশ্নের জবাবে শোয়েব আহমেদ বলেন, “শনিবার এ বিষয়ে বিস্তারিত জানাবো।”