২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে সেনাবাহিনী নামানোর কারণ জানেন না উপদেষ্টা আজিজুল হক

কোন পরিস্থিতিতে বৃহস্পতিবার সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে তা জানেন না আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য আজিজুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 03:58 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সচিবালয়ে নিজ দপ্তরে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

আজিজুল হক বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার প্রয়োজন মনে করলে সেনাবাহিনী নামাতে পারেন। তবে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে বলে তিনি মনে করেন।

আজিজুল হক বলেন, “আমরা প্যাকেজ প্রস্তাবের অবশিষ্ট অংশ বাস্তবায়ন করেছি। এ ব্যাপারে যদি ১৪ দলের আরও প্রস্তাব থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব।”

তিনি সংবিধান মোতাবেক ৯০ দিনের মধ্যে নির্বাচন করার ওপর জোর দেন।

আজিজুল বলেন, বুধবার বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠকে স ম জাকারিয়ার বিষয়টিই প্রধান্য পেয়েছে। মোদাব্বির হোসেন চৌধুরীকে ছুটিতে পাঠানোর বিষয়ে আলোচনা হয়নি।

মোদাব্বির হোসেন চৌধুরীকে ছুটিতে পাঠানোর ব্যাপারে ১৪ দলের কোনো প্রস্তাব থাকলে তা নিয়ে এখন আলোচনা হতে পারে বলে জানান তিনি।

১৪ দলের প্যাকেজ প্রস্তাব প্রত্যাখানের বিষয়ে আজিজুল হক বলেন, “নির্বাচনে তারা অংশ নেবে বলে আমি আশাবাদী। এরপরও যদি তারা নির্বাচনে না যায় তবে বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করবো।”

তিনি বলেন, “গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাজ করছি। সব দল এতে অংশ নিলেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে।”