যেকোন সিদ্ধান্ত শুরুতেই না মানাটাও রাজনীতি: ধীরাজ কুমার নাথ
তত্ত্বাবধায়ক সরকারের গৃহায়ণ ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছেন, “আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের সঙ্গে কথা বলেই নিয়েছি। তবে যেকোন সিদ্ধান্ত শুরুতেই না মানাটাও একটা রাজনীতি।”
এক প্রশ্নের জবাবে ধীরাজ কুমার নাথ আশা প্রকাশ করে বলেন, ১৪ দল আগামী নির্বাচনে অংশ নেবে। তবে উপদেষ্টাদের সর্বশেষ প্রস্তাব ১৪ দলের প্রত্যাখ্যানের বিষয়টিকে তিনি সরকারকে চাপে রাখার কৌশল বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সচিবালয়ের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
উপদেষ্টাদের সর্বশেষ প্রস্তাব ও ১৪ দলের প্রত্যাখ্যানের বিষয়ে উপদেষ্টা বলেন, “এ বিষয়টি নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে।”
বৃহত্তর পরিসরে এ ব্যাপারে আলোচনা হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
এ ছাড়া বিভিন্ন জেলায় এখনো আগের সরকারের নিয়োজিত নির্বাচন কর্মকর্তারা বহাল থাকার বিষয়ে উপদেষ্টা বলেন, “আমরা বিষয়টি দেখবো। আগের সরকারের নিযুক্ত কোন কর্মকর্তা যাতে বহাল না থাকে এ বিষয়ে আমরা সতর্ক পদক্ষেপ নেবো।”
