২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাকা ও গিকা

চট্টগ্রামের একই আসনে ধানের শীষ প্রতীক চেয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও তার ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 12:30 AM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বুধবার দুপুরে প্রথমে গিকা, বিকেলে সাকা চৌধুরী চট্টগ্রাম-৬ রাউজান আসন চেয়ে মনোনয়নপত্র জমা দেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন বোর্ড চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে সাকা এবং চট্টগ্রাম ৪ ফটিকছড়ি আসনে গিকা চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

কিন্তু বড়ভাই একাই বুধবার চট্টগ্রাম ৪, চট্টগ্রাম ৬ এবং চট্টগ্রাম ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেন।

তৎকালীন পাকিস্তান পার্লামেন্টের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর দুই ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর মধ্যে পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ থাকলেও বুধবার মনোনয়নপত্র দাখিলের পর তারা কথা বলেছেন।

২০০১ সালের নির্বাচনে বিএনপি চট্টগ্রাম ৬ আসনে গিকা চৌধুরীকে মনোনয়ন দিয়েছিল। এবার এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।