২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দুদের প্রতি বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান খালেদার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিগত সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে তার দলকে ভোট দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বুধবার বনানীর মডেল স্কুল মাঠে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের ৬ হাজার হিন্দু ধর্মাবলম্বীর বিএনপিতে যোগ দেয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পুরোহিত বাবু রনজিত চক্রবর্তী দলটির নেতৃত্ব দেন।

খালেদা জিয়া তার শাসন আমলে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে নেওয়া নানা কর্মকাণ্ডের বর্ণনা দেন।

এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে ছিল, রমনায় অস্থায়ী কালী মন্দির স্থাপন, হিন্দু কল্যাণ ট্রাস্টের তহবিল ৯ কোটি থেকে ১১ কোটিতে নেয়া, জেলা আইন-শৃঙ্খলা কমিটিতে হিন্দুদের অন্তর্ভুক্তি, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় স্থাপন, দেবরত্ন সেল গঠন, মন্দির ভিত্তিক পাঠাগার স্থাপন এবং হিন্দু সম্প্রদায়ের যোগ্য ও শিক্ষীত প্রার্থীদের চাকরির সুযোগ ও মূল্যায়ন বৃদ্ধি।

তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “তারা সব সময় মনে করে হিন্দু সম্প্রদায় তাদের কাছে বন্দি। তাদের আচরণ এমন যে, সব সময় হিন্দুরা তাদের পক্ষেই থাকবে। তাদের সেই ধারনা এখন ভেঙে দেওয়া উচিত।”

বিএনপি চেয়ারপার্সন বলেন, “বাংলাদেশ কোনো একটি গোষ্ঠী বা মহলের দেশ নয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে সমান।”

তিনি অভিযোগ করেছেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। স্বাধীনতার পর তারা হিন্দুদের জমি-জমা ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে।

খালেদা জিয়া বলেন, “বিএনপি মনে করে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী। আওয়ামী লীগ আমলে সারা দেশে ১৩ হাজার পূজামণ্ডপ ছিল। বিএনপি আমলে তা বেড়ে ২২ হাজার হয়েছে।