২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম সংসদ নির্বাচনে চার দফা তফসিল!

নবম জাতীয় সংসদ নির্বচনের ভোট গ্রহণের তারিখ ২২ জানুয়ারি ঠিক রেখে নির্বাচন কমিশন বুধবার চতুর্থবারের মতো তফসিলের অন্যান্য সময়সূচি রদবদল করেছে। দেশের ইতিহাসে চার দফায় তফসিল ঘোষণা একটি নজীরবিহীন ঘটনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

প্রথম দফায় কমিশন ২৭ নভেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে। এই তফসিল অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর, বাছাই ১১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর ঘোষণা করা হয় পুনঃনির্ধারিত তফসিল। এতে নির্বাচনের দিন ঠিক করা হয় আগামি ২৩ জানুয়ারি। এছাড়া মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২১ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ডিসেম্বর ঠিক করা হয়।

তৃতীয় দফায় ১৮ ডিসেম্বর আবারও পরিবর্তন করা হয় তফসিল। ২৩ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোট গ্রহণের তারিখ একদিন এগিয়ে এনে নির্ধারণ করা হয় ২২ জানুয়ারি। তখন মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, বাছাই ও প্রত্যাহারের দিনক্ষণে পরিবর্তন আনা হয়নি।

সর্বশেষ চতুর্থ দফায় বুধবার আবারও তফসিল পরিবর্তন করা হলো। কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জারি করা নতুন সময়সূচি অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৪ ডিসেম্বর, বাছাই ২৬ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জানুয়ারি করা হয়েছে।

তবে ভোট গ্রহণের দিন ২২ জানুয়ারি অপরিবর্তিত রাখা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের কাছে জানতে চান, নবম জাতীয় নির্বাচনের জন্য এটাই কি শেষ তফসিল? জবাবে সচিব বলেন, “আমি সেটাই আশা করি। দেশবাসীর প্রত্যাশাও তাই।”

১৯৭৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় এ পর্যন্ত নয়টি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।

তবে এবারই প্রথম কমিশন তফসিল নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করেনি।

এক নজরে ৯ টি নির্বাচনী তফসিল:

সাল প্রার্থী মনোনয়ন দাখিল মনোনয়নপত্র বাছাই মনোনয়নপত্র ফেরত ভোট গ্রহণের দিন

সাল               প্রার্থী মনোনয়ন দাখিল   মনোনয়নপত্র বাছাই  মনোনয়নপত্র ফেরত      ভোট গ্রহণের দিন

১৯৭৩           ৫ ফেব্রুয়ারি                   ৬ ফেব্রুয়ারি              ৮ ফেব্রুয়ারি                      ৭ মার্চ

১৯৭৯            ১৬ জানুয়ারি                  ১৭ জানুয়ারি              ২১ জানুয়ারি                     ১৮ ফেব্রুয়ারি

১৯৮৬           ২২ মার্চ                          ৭ এপ্রিল                    -                                       ৭ মে

১৯৮৮           -                                    -                                -                                       -

১৯৯১            ১৩ জানুয়ারি                  ১৪ জানুয়ারি              ২১ জানুয়ারি                     ২৭ ফেব্রুয়ারি

১৯৯৬           ১৭ জানুয়ারি                  ১৮ জানুয়ারি              -                                       ১৫ ফেব্রুয়ারি

১৯৯৬           ১২ মে                            ১৩ মে                       ১৮ মে                               ১২ জুন

২০০১            ২৯ আগস্ট                     ৩০ ও ৩১ আগস্ট      ৬ সেপ্টেম্বর                      ১ অক্টোবর

২০০৭           ২০০৬ সালের ২৪ ডিসেম্বর  ২০০৬ সালের ২৬ ডিসেম্বর  ২০০৭ সালের ৩ জানুয়ারি ২২ জানুয়ারি

১৯৯১ সালের নির্বাচনে ৬ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ১০৮, ১৯৯৬ সালে ৫ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ৩৮৪, ২০০১ সালে ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩ জন ভোটার ছিল।

আর এবারের নির্বাচনের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৬ জনে। তালিকা সংশোধণের কাজ চলছে বলে এই সংখ্যার তারতম্য হতে পারে।