২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালকে ঘিরে কড়া নিরাপত্তা

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল ঠেকাতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

নিয়মিত পুলিশ সদস্যদের পাশাপাশি আধা সামরিক বাহিনী, বিডিআর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও আনসারের নারী সদস্যসহ অতিরিক্ত দশ হাজার সদস্য মোতায়েন করা হবে। বুধবার রাত থেকেই নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে বসানো হবে চেকপয়েন্ট ও কাঁটাতারের বেড়া। জলকামান আর রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্পে মোতায়েন রয়েছে সেনা বাহিনীর সদস্যদের।

পুলিশ সুত্র জানায়, হরতালের সময় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা টহল দেবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, হরতালের সময় রাজধানীতে পুলিশের অতিরিক্ত ৮ হাজার ৫০০ সদস্য, বিডিআর এর ৪৮০, এপিবিএন এর ৪৮০ এবং আনসারের ৯০ জন নারী সদস্য মোতায়েন করা হবে।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশ পথে বুধবার গভীর রাত থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে ডিএমপি সূত্র জানায়।

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ১৮ ডিসেম্বর মহাসমাবেশ থেকে শেখ হাসিনা এই হরতালের ডাক দেন।

হরতাল সফল করতে আওয়ামী লীগ ও মহাজোটের অন্য শরিক রাজনৈতিক দলগুলো বুধবার নগরীতে সমাবেশ ও মিছিল করে।