উত্তরা বৈঠকের তদন্ত নিয়ে কঠোর গোপনীয়তা
উত্তরায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ব্যবসায়িক কার্যালয়ে প্রশাসনের সাবেক ও বর্তমান আমলাদের গোপন বৈঠকের তদন্ত প্রতিবেদনে চিহ্নিত দোষীদের নাম ও তদন্ত কমিটির সুপারিশ সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা কঠোর গোপনীয়তা রক্ষা করছেন।
এ ব্যাপারে তদন্তের নির্দেশদাতা সংস্থাপন মন্ত্রণালয় ও তদন্ত সংশ্লিষ্টরা মুখ খুলছেন না।
সোমবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে বলে একটি সূত্র দাবি করেছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মঙ্গলবার প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার দপ্তরে পৌঁছে দেন বলে জানায় সূত্রটি।
তবে অতিরিক্ত সচিব আব্দুস সবুর প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেয়ার কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, প্রতিবেদনটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এর পর এটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।
অন্যান্য প্রতিবেদনের মতো এ প্রতিবেদনটিও অপ্রকাশিত থাকবে কি-না এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, এটি একটি গোপন প্রতিবেদন। প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানোর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এ প্রতিবেদনটি প্রকাশের সময় এখনো হয়নি। সময় হলেই এটি প্রকাশ করা হবে।
