সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়নি: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুত, জ্বালানি ও যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেছেন, “সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। প্রয়োজন হলে অবশ্যই তাদের ফিরিয়ে নেওয়া হবে।”
উপদেষ্টা দাবি করেন, সেনাবাহিনী মোতায়েনের পর তারা কোন অভিযানে অংশ না নিলেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডও শুরু হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা রুহুল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, “সেনাবাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত সংস্থাগুলো ব্যর্থ হলে বিডিআর, আনসারের মতো বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। তারাও ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সেনাবাহিনী মোতায়েন করা যেতে পারে।”
এর আগে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব এ কে মোতাহার হোসেনও উপস্থিত ছিলেন।
রাজনৈতিক দলগুলোকে ভয় দেখাতে সেনাবাহিনী নামানো হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “বিষয়টি এমন নয়, তবে এটাও সত্য যে সেনাবাহিনী নামার পরই আইন-শৃঙ্খলার উন্নতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হয়েছে।”
নির্বাচনের তফসিল বাতিল না হলে ১৪ দলের নির্বাচন বর্জনের ঘোষণা সম্পর্কে উপদেষ্টা বলেন, “সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে, এটাই নিয়ম। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা অবশ্যই ভাবছেন। আমরা এখনও আশা ছাড়িনি। রাজনীতিকরাও চান না এ সংকট দীর্ঘস্থায়ী হোক। বক্তব্যে তারা কি বলছেন তার থেকে বড় বিষয় হচ্ছে কী করছেন।”
তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তাদের সঙ্গে আলোচনায় বসতে ১৪ দলের অনীহা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভুল কাজ করলে বাবাও অনেক সময় গালি দেয়।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। গত ১৩ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত যে অভিযান হয়েছে তাতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের সাফল্য সন্তোষজনক।”
