১৬ যুগ্মসচিব পদে রদবদল
জনপ্রশাসনের ১৬ জন যুগ্মসচিব ও সমমানের পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। এদের মধ্যে নয়জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে মঙ্গলবার এসব বদলি ও পদায়ন করা হয়।
ওএসডি যুগ্মসচিবদের মধ্যে মো. হানিফকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ফজলুল হককে রেশম বোর্ডের চেয়ারম্যান, মোশাররফ হোসেনকে মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক, জিন্নাতুল হককে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য, মাসুদা বিনতে কাদীরকে ট্যারিফ কমিশনের সদস্য, এনামুল হককে বিসিআইসির পরিচালক এবং আয়েশা বেগমকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্মসচিবদের মধ্যে মনসুর রেজা চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও নাসির উদ্দিন খানকে প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আনোয়ারুল করিমকে সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন ও প্রেষণ শাখার যুগ্মসচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন ও প্রেষণ শাখার যুগ্ম সচিব আবুল হোসেন মিঞাকে একই মন্ত্রণালয়ের প্রশাসন শাখার যুগ্মসচিব, বিসিআইসির পরিচালক আবুল হোসেনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক, রেশম বোর্ডের চেয়ারম্যান আজিজুর রহমানকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব আমীর হোসেনকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিসটেন্স প্রজেক্টের প্রকল্প পরিচালক জয়নাল আবেদীনকে আইএমইডি’র মহাপরিচালক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ইকবালকে বিআইডব্লিউটিসির পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে দু’সপ্তাহ পেরিয়ে গেলেও সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব পদে মঙ্গলবার পর্যন্ত কোনো কর্মকর্তাকে পদায়ন করা হয়নি।
