২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে পরাক্রম দেখাতে প্রস্তুত চার দল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পল্টনে চার দলের মহাসমাবেশে এসে পৌঁছেছেন। এর আগেই জোটের নেতারা সভায় আসতে শুরু করেন। দুপুরের আগে থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কর্মী-সমর্থকরা যোগ দেন সমাবেশে। সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব, আমর্ড পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই পল্টন ময়দানে অবস্থান নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 03:46 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মহাসমাবেশে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তব্য রাখবেন। মহানগর চার দলীয় জোট আয়োজিত মহাসমাবেশকে ঘিরে বিভিন্ন সংস্থার নিরাপত্তাকর্মীরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। র‌্যাব ডগ স্কোয়াড দিয়ে সকাল সাড়ে ১০টায় পুরো মাঠ সুইপিং করেছে। সমাবেশের আশপাশের বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী। পল্টনে ঢোকার বিভিন্ন সংযোগ সড়কগুলোতেও জোর তল্লাশির পরই ঢোকানো হচ্ছে পথচারীদের।

মূল অনুষ্ঠান ২টায় শুরু হলেও দুুপুর ১২টা থেকে শুরু হয়েছে সমাবেশের কাজ। মূল মঞ্চের দুই পাশে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিএনপির অঙ্গসংগঠন জাসাস ও জামায়াতের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের সাইমুম সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশ করে পল্টন ময়দানকে সরব করে তুলেছে। পল্টন ময়দানের চার পাশ ছাড়াও মুক্তাঙ্গন, বিজয়নগর রাজউক এভিনিউতে মাইক লাগানো হয়েছে যাতে সেখানে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনা যায়।

দুপুর ১২টায় বিএনপির সূত্রাপুর শাখার একটি মিছিল আসে স্থানীয কমিশিনার কাজী আবুল বাশারের নেতৃত্বে। এছাড়া প্রায় একই সময়ে জামায়াতের দুটি মিছিল মগবাজার থেকে ও ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল মিছিল পল্টন ময়দানে প্রবেশ করে। এরপরই আসে জাতীয়তাবাদী ছাত্র দলের একটি মিছিল।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, “পল্টন ময়দানের এই মহাসমাবেশ স্মরনকালে মধ্যে বৃহৎ জনসভায় রূপান্তরিত হবে বলে আমার বিশ্বাস। বিএনপিসহ চার দল যে বৃহত্তম মানুষের প্রতিনিধিত্ব করে তা আজ প্রমাণ হবে।”

মহাসমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। এতে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, বাংলাদেশ জাতীয় পার্টির(বিজেপি) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর, অপর অংশের সভাপতি ডা. এম এ মতিন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা ইমদাদুল হক আড়াই হাজারী, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমূখ চার দলীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।