চট্টগ্রামে ভোটার তালিকা: সহায়ক কর্মকর্তাদের দেখা মেলেনি
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা সোমবার শেষ হলেও গত দশ দিনে চট্টগ্রাম নগরীর অনেক এলাকায় সহায়ক কর্মকর্তাদের দেখা মেলেনি বলে অভিযোগ উঠেছে।
এদিকে চট্টগ্রামে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করতে চেয়েও ভোটার হতে পারেনি এমন লোকের সংখ্যা অনেক বেশি বলে চট্টগ্রামে অবস্থানরত যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) একটি প্রতিনিধি দলের কাছে অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল।
তিন সদস্যের এনডিআইয়ের প্রতিনিধি দলটি শুক্রবার থেকে চট্টগ্রামে অবস্থান করলেও তারা গোপনীয়তা রক্ষা করে কাজ করছে। মুখোমুখি হচ্ছে না গণমাধ্যমেরও।
প্রতিনিধি দলে রয়েছেন ক্রিস ডন, ঋষি দত্ত এবং লিজা ডোনেডন। তারা দু’ মাস চট্টগ্রামে থাকবেন বলে জানা গেছে।
শুক্রবার থেকে এ পর্যন্ত তারা ১৪ দল, বিএনপি, এলডিপি, জামায়াত ও জাতীয় পার্টির নেতাদের সাথে নির্বাচন নিয়ে পৃথক পৃথক বৈঠক করেছেন।
এছাড়া প্রতিনিধি দলের সদস্যরা সিটি মেয়র, জেলা প্রশাসন এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।
অধিকাংশ বৈঠকে ভোটার তালিকার অসংগতি সম্পর্কে নানা অভিযোগ নিয়ে কথাবার্তা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
অন্যদিকে সহায়ক কর্মকর্তারা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি না যাওয়ায় সোমবার ভোটার হতে ইচ্ছুক অনেকেই নগরীর রহমতগঞ্জে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে ভীড় করেন। তারা বলেন, নির্বাচন সংশ্লিষ্ট লোকজন তাদের বাসায় না যাওয়ায় তারা এখানে এসেছেন ভোটার হতে।
সোমবার বিকেলে নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ভোটার হতে ইচ্ছুক প্রায় শ’খানেক নারী-পুরুষ নির্বাচন কার্যালয়ে এসে ফরম পূরণ করেন। কিন্তু থানা নির্বাচন কর্মকর্তাকে না পেয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে মিছিল করে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে তারা সমাবেশ করেন।
এদিকে অনেক সহায়ক কর্মকর্তা নগরীর ঘাটফরহাদবেগ, পাথরঘাটা, জামালখান, পাঠানটুলী এলাকায় যাননি বলে জানা গেছে। এসব এলাকার বেশ কিছু বাসিন্দা জানান, তাদের বাড়িতে সহায়ক কর্মকর্তারা আসেন নি।
ঘাটফরহাদ বেগের ডলি সরকার বিল্ডিং, আসকারদিঘির পাড়ের রামকৃষ্ণ মিশন লেন, কবি গুনাকর লেন, জালাল কলোনি, শহরতলী কুলগাঁও ওয়ার্ডের হিন্দুপাড়ার অনেক বাসায় সহায়ক কর্মকর্তারা যাননি বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন ও হালনাগাদের কাজ সোমবার শেষ হলেও ২২ ডিসেম্বরের আগে কাজের অগ্রগতির তথ্য পাওয়া যাবে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম।
সহায়ক কর্মকর্তাদের অনেক এলাকায় না যাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এত অল্প সময়ে সব বাড়িতে গিয়ে নতুন করে ভোটারদের অর্ন্তভূক্ত করা সম্ভব নয়।”
তবে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া। তাই সোমবারের সময়সীমা শেষ হওয়ার পরও ভোটার হতে ইচ্ছুকরা জেলা নির্বাচন কার্যালয়ে এসে ভোটার হতে পারবেন।
থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নগরীর অধিকাংশ সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা চলার কারণে সহায়ক কর্মকর্তা হিসাবে কর্মরত শিক্ষকরা এ কাজে সময় দিতে পারেননি।
