শেষদিনও বাড়ি বাড়ি যাননি নির্বাচন কর্মকর্তারা
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের সময়সীমা সোমবার শেষ হলেও রাজধানীর অনেক এলাকাতেই নির্বাচন কর্মকর্তারা ভোটারদের বাড়িতে যাননি।
সোমবার সকালে আদাবর ২ নম্বর রোডে গিয়ে দেখা যায়, সেখানে একটি মেসের অন্তত ৩৫ জন ভোটার তালিকাভুক্ত হননি। কোনো নির্বাচনী কর্মকর্তাই সেখানে যাননি।
মেসের বাসিন্দা দেওয়ান লিটন (৪০) জানান, গত জানুয়ারিতে হালনাগাদ করা ভোটার তালিকায় তাদের নাম ছিল। কিন্তু আদালত এই ভোটার তালিকা বাতিল হয়েছে বলে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা তাদের জানালেও নতুন করে ভোটার তালিকায় নাম ওঠাতে কেউ আসেননি।
একই অভিযোগ করেছেন নিকুঞ্জ জোয়ার সাহারার ১০ নম্বর সড়কের ৩০ নম্বর বাড়ির মালিক হুমায়ুন কবির। ১৩ নম্বর সড়কের ২৭, ২৮ ও ২৯ নম্বর বাসার মালিক আব্দুল মান্নান বলেন, “এই এলাকায় আমার বাড়িটিই প্রথম চোখে পড়ে। অথচ কোনো নির্বাচনী কর্মকর্তাই এখানে আসেননি।”
মোহাম্মদপুরের রিংরোড এলাকার (৪৩ ওয়ার্ড) নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী নিবন্ধন কর্মকর্তা কামাল উদ্দিন। তিনি জানান, রোববার পর্যন্ত তারা তালিকা থেকে সহস্্রাধিক বাড়তি ভোটারের নাম কেটে দিয়েছেন। আর নতুন ভোটার করেছেন প্রায় ৩০০ জনকে।
তিনি আরও জানান, এখন শেষ মুহূর্তে দলে দলে লোক ভোটার হতে আসছে। এদের বেশিরভাগই আদালতের নির্দেশে জানুয়ারিতে বাতিল করা তালিকার ভোটার।
ওই স্কুলে দেখা যায়, স্থানীয় বিএনপি কর্মী আব্দুল আজিজ দুজনকে নিয়ে ভোটারদের নাম তালিকাভুক্ত করতে ব্যস্ত। তিনি দাবি করেন, তারা স্বেচ্ছাশ্রমে দলমত নির্বিশেষে সবাইকেই ভোটার করছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়। নির্বাচন কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তারা নয় কোটি ৩০ লাখেরও বেশি ভোটারের মধ্য থেকে ভুয়া অথবা পুনরায় তালিকাভুক্ত ভোটারদের নাম পরীক্ষা করে দেখেন।
মাঠ পর্যায়ে ভোটার তালিকা সংশোধনের কাজ তদারকের দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনের উপসচিব মিহির সারোয়ার মূর্শেদ বলেন, “আমরা নির্বাচন কর্মকর্তাদের নতুন ভোটারের নাম তালিকাভুক্তির চেয়ে একই ভোটারের নাম বার বার আছে, এমন নাম কেটে দেওয়ার বিষয়ে উৎসাহিত করছি।”
এর আগে ৭ সেপ্টেম্বর ঘোষিত হালনাগাদ ভোটার তালিকায় এক কোটি ৪০ লাখ ভুয়া ভোটার রয়েছে বলে অভিযোগ করে ১৪ দল। ইউরোপীয় ইউনিয়ন, এনডিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও ভুয়া ভোটারের বিষয়ে অভিযোগ করে।
এই প্রেক্ষাপটে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশংকা করে সব মহল থেকে এই তালিকা সংশোধনের জন্য বার বার তাগিদ দেওয়া হয়। ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল এর বিরুদ্ধে আন্দোলনেও নামে।
ভোটার হতে পারলেন না আটকে পড়া পাকিস্তানীরা
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প খ্যাত আটকে পড়া পাকিস্তানীদের ক্যাম্পে এখন অধিবাসীর সংখ্যা প্রায় ২২ হাজার। ‘স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি’ এর সভাপতি আব্দুল জব্বার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছর হাইকোর্টের রুল অনুযায়ী আটকে পড়া পাকিস্তানীরা ভোটার হতে পারবেন। মাস দুয়েক আগে তারা প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজকে চিঠি দিয়ে বিষয়টি জানতে চান; কিন্তু এখনও এর লিখিত কোনো জবাব আসেনি।
তিনি জানান, সম্প্রতি নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার তাদের ভোটার হওয়ার জন্য আহ্বান জানিয়ে টেলিফোন করেন। কিন্তু কমিশনের লিখিত বক্তব্য না থাকায় তারা এই আহ্বানে সাড়া দেননি।
আব্দুল জব্বার খান বলেন, “৩৫ বছর ধরে না পাকিস্তান, না বাংলাদেশ কোনো সরকারই আমাদের সমস্যার কোনো সমাধান দেয়নি। জন্তুর মতো ক্যাম্পের বন্দী জীবনে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে।”
