২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-১ আসন থেকে নির্বাচন করবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কুমিল্লা-১ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কুমিল্লা জেলা বিএনপির নেতারা সোমবার বনানীর হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ওই আসনে তাকে নির্বাচন করার জন্য অনুরোধ জানালে তিনি তাতে সম্মতি জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

গত নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন দলের সিনিয়র সহ সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকবর হোসেন।

সোমবার রাতে কুমিল্লা জেলা বিএনপির সব সাবেক সাংসদ, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মনিরুল হক চৌধুরী, মুন্সী মুঞ্জুরুল আহসান, কর্নেল আকবর হোসেনের পুত্র সাইমন হোসেন, কন্ঠশিল্পী আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কুমিল্লা-১ আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানান।

মনিরুল হক চৌধুরী পরে সাংবাদিকদের কাছে নেত্রীর সম্মতির বিষয়টি অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ।

গত সেপ্টেম্বর মাসে কর্নেল আকবর হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। কিন্তু অষ্টম সংসদের মেয়াদ শেষের দিকে হওয়ায় সেই আসনে উপনির্বাচন করা হয়নি।

কুমিল্লা-১ আসন ছাড়াও খালেদা জিয়া আরও চারটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন্ কোন্ আসন থেকে নির্বাচন করবেন তা নির্ধারিত না হলেও দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে।