ভুলের জন্য ক্ষমা চাইলেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নয় বছরের শাসনামলে নিজের ‘ভুলের’ জন্য সোমবার ক্ষমা চেয়েছেন।
রাজধানীর পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশে আবেগময় বক্তব্যে এরশাদ বলেন, “আমার নয় বছরের শাসনামলে দেশে অনেক উন্নয়ন হয়েছিল। কিন্তু সেখানে কিছু ভুলও হয়ে থাকতে পারে। সেইসব ভুলের জন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই।”
সাবেক সামরিক শাসক বলেন, “জাতীয় পার্টি এখন থেকে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের সব কর্মসূচিতে অংশ নেবে।”
এরশাদ বলেন, “আজ (সোমবার) থেকে একটি মহাজোট যাত্রা শুরু করলো।”
তিনি বলেন, “কঠিন সময় পার করে আমি এই মহাসমাবেশে অংশ নিয়েছি। জাতির জীবনের ক্রান্তিলগ্নে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।”
তিনি এবং তাঁর দল প্রতিদিন চাপের সম্মুখীন হচ্ছেন জানিয়ে এরশাদ বলেন, “মাত্র একদিন শুনানির পর এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে পাঁচ দিন আগে আমাকে কারাদণ্ড দেয়া হয়েছে। সাবেক সরকারের দুর্নীতির প্রতিবাদ করেছি এটাই ছিল আমার অপরাধ ।”
জাতীয় পার্টি প্রধান বলেন, “জেলে পাঠানো হতে পারে এবং মৃত্যু হতে পারে বলে আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি একজন সৈনিক এবং মৃত্যুর ভয়ে ভীত নই।”
এরশাদ বলেন, “যখনই আমি চার দলীয় জোটের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি তখনই চাপের সম্মুখীন হয়েছি।”
তিনি বলেন, “আমি এতদিন শৃঙ্খলাবদ্ধ রাজনীতিবিদ ছিলাম। আজ আমি সব শিকল ভেঙ্গে ফেললাম।”
এরশাদ বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনূকুল পরিবেশ এখন পর্যন্ত সৃষ্টি হয়নি।”
এরশাদ বলেন, “ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সব আয়োজন শেষ করা হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়নি, ভোটার তালিকা সংশোধন হয়নি এবং প্রশাসনও রাজনীতিমুক্ত করা হয়নি।”
“প্রশাসনে অবশ্যই রদবদল করতে হবে, অন্যাথায় আমরা নির্বাচনে অংশ নেবো না।” বলেও এরশাদ জানান।
