২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে ১৪ দলের উদ্দেশ্যে বলেছেন, দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 11:21 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সোমবার বনানীর হাওয়া ভবনে চার দলের মহাসচিবদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তা না হলে দেশে সাংবিধানিক সংকট দেখা দেবে। ঘন ঘন সংবিধান পরির্বতন করা উচিত নয়।

১৪ দলের উদ্দেশ্যে তিনি বলেন, “দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। আপনারা নির্বাচনে অংশ নিন। তবে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক রেখে নির্বাচনের তফসিল পুনরায় নির্ধারণ করা যেতে পারে। কিন্তু ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে।”

এইচ এম এরশাদের ১৪ দলে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “তার এই যাওয়াই শেষ যাওয়া নয়। আসল যাওয়া হবে নির্বাচনের পর। উনি নিজেও জানেন না তার শেষ গন্তব্য কোথায়।”

মান্নান ভূঁইয়া গত দুই মাসে এরশাদের বক্তব্যের সূত্র ধরে বলেন, “তিনি অস্থির প্রকৃতির লোক।”

এরশাদ চার দলে এলে গ্রহণ করবেন কিনা-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এরশাদের আসা না আসার উপর চার দলের ঐক্য নির্ভর করে না। জনগণই আমাদের প্রধান ভরসা। তবে তিনি ফিরে আসবেন সেটাও আশা করি না।”

চার দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে, জানতে চাইলে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “আমরা এখনো তালিকা চূড়ান্ত করিনি। তবে যে প্রার্থীকে মনোনয়ন দিলে জয়ী হবে তাকেই মনোনয়ন দেওয়া হবে।”

এর আগে চার দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে মঙ্গলবারের মহাসমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এম কামারুজ্জান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের অধ্যাপক আহম্মেদ আব্দুল কাদের এবং বিজেপির (মতিন) মহাসচিব কারী হাবিবুল্লাহ বেলালী উপস্থিত ছিলেন।