সংখ্যালঘু নির্যাতন যেন না হয়: ধীরাজ
২০০১ সালের মতো এবারের নির্বাচনে যেন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।
দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠক শেষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ধীরাজ নাথ সাংবাদিকদের বলেন, বির্তকিত কোন স্থানে ভোটকেন্দ্র স্থাপন না করতে বলা হয়েছে। এ বিষয়ে কঠোর দৃষ্টি রাখতেও তিনি ডিসি এসপিদের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে বলেন, প্রয়োজনে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতেও তাদের বলা হয়েছে।
২০০১ সালে বেশ কিছু সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন চালানো হযেছে উল্লেখ করে তিনি ডিসি এসপিদের বলেন, “এ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে লক্ষ্য রাখুন।”
উপদেষ্টা আরও বলেন, “মানবাধিকার লঙ্ঘনের মতো কোন ঘটনা যেন না ঘটে। কারণ দেশ-বিদেশের বিপুল সংখ্যক পযর্বেক্ষক আসছেন। তারা খুব সুক্ষ্মভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।”
তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর বলে তিনি দাবি করেন।
পুলিশ বিভাগসহ প্রশাসনের সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, “নির্বাচনের আগের দিন যেন নির্ধারিত স্থানে সুষ্ঠুভাবে ব্যালট বাক্স পৌঁছানো হয়। কোনভাবেই যেন ব্যালট বাক্স ছিনতাই না হয়। ভোট গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল প্রকাশ করতে হবে। কোন প্রকার ভুলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাই দায়ী থাকবেন।”
রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার নির্দেশ দিয়ে তিনি জেলা প্রশসক ও এসপিদের উদ্দেশে বলেন, কেউ যেন নিরাপত্তার অভাব বোধ না করে।
নির্ধারিত সময়ের মধ্যে ভোট গণনা শেষে সঠিকভাবে ব্যালট বাক্স সংরক্ষণেরও নির্দেশ দেন তিনি।
প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্য ধীরাজ নাথ বলেন,“ভোটের ফলাফল প্রকাশের পর অন্যান্য বারের চেয়ে এবার বেশি ট্রাইবুনাল গঠিত হতে পারে।”
এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে তিনি ধারণা করছেন।
প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দিয়েছে। এরা সবাই যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছিলো। এতে প্রমাণিত হয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি নিরপেক্ষভাবে কাজ করছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাগেরহাটের ডিসি শহীদুল ইসলাম, নোয়াখালীর এসপি আনসারউদ্দীন খান পাঠান, ফরিদপুরের ডিসি মোহাম্মদ ইয়াহইয়া ভুঁইয়া, নড়াইলের এসপি হাসানুল হায়দার, ডিএমপি কমিশনার এ বি এম বজলুর রহমান, বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) মো. মোখলেছুর রহমান, মহাপুলিশ পরিদর্শক মো. খোদা বখশ চৌধুরী, স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম ও উপদেষ্টা মাহবুবুল আলম বক্তব্য রাখেন।
বৈঠকে ডিসি ও এসপিরা নির্বাচনের দিন মোটর সাইকেল চলাচল ও মোবাইল ফোন নেটওর্য়াক বন্ধ রাখার অনুরোধ জানান।
২০০১ সালে নির্বাচনের দিন ভোট কেন্দ্রের আশেপাশে মোটর সাইকেল চলাচল ও মোবাইল ফোন নেটওর্য়াক বন্ধ ছিলো।
