২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান তফসিলে নির্বাচন নয়, ২১ ডিসেম্বর হরতাল: হাসিনা

এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সংহতি প্রকাশের মধ্য দিয়ে ১৪ দলের মহাসমাবেশ থেকে সংগঠিত রাজনৈতিক মহাজোটের পক্ষে বর্তমান তফসিল অনুযায়ী নির্বাচন না করার ঘোষণা দিলেন শেখ হাসিনা। একইসঙ্গে পল্টন ময়দানে সোমবার বিকেলে দেওয়া ভাষণে ২১ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছেন জোটনেত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

মঙ্গলবার পল্টন ময়দানে বিএনপির নেতৃত্বে চার দলের মহাসমাবেশ এবং ২২ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ ঘোষণায় সংঘাতমূলক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে নাগরিকরা আশঙ্কা করছেন।

সোমবার পল্টনে সমাবেশ শুরুর পরপরই জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং এলডিপি সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সমাবেশে এসে ১৪ দলের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। এরশাদ তাঁর বক্তব্যে ১৪ দলের সঙ্গে মহাজোটের ঘোষণা দেন।

সোমবারের ঘোষণার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আন্দোলন ও কর্মসূচিতে ১৪ দলের সঙ্গে জোটবদ্ধ হলো জাতীয় পার্টি (এরশাদ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাকের পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামিক ঐক্য জোট।

মহাজোটের ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন ,“বিএনপি-জামাত এখন একঘরে হয়েছে। অন্যদিকে বাকি সব দল ঐক্যবদ্ধ হয়েছে।”

২১ ডিসেম্বর হরতালের কর্মসূচির ঘোষণা দিয়ে সাবেক বিরোধী দলীয় নেতা বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে একতরফা নির্বাচন জনগণ বাংলার মাটিতে হতে দেবে না।”

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মহাসমাবেশে উপস্থিত হয়ে ১৪ দলের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন ,“আজ দেশের রাজনীতিতে নবযুগের সূচনা হলো। আজ থেকে মহাজোটের যাত্রা শুরু হলো ।”

নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি এই অভিযোগ উত্থাপন করে এলডিপির সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী সমাবেশে বলেন, বাংলাদেশের মাটিতে চক্রান্ত-ষড়যন্ত্রের নির্বাচন হতে দেওয়া হবে না।

আগে ঘোষণা দিয়েও চার দলীয় জোটে যেতে অস্বীকৃতি, ১৪ দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ এবং জাপানি নৌযান ক্রয় মামলায় দণ্ড বহাল থাকার ধারাবাহিকতায় এ মহাসমাবেশেই ১৪ দলে যোগ দিচ্ছেন এরশাদ, এরকম জল্পনা-কল্পনা চলছিলো সোমবার দিনভর। রোববার থেকে এরশাদের কথিত আত্মগোপন ওই গুজবের পালে বাতাস দেয়।

পল্টন ময়দানে সমাবেশের প্রস্তুতি চলার সময়ই জাপা মহাসচিব রুহুল আমিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের সভাপতির নির্দেশে তারা ১৪ দলের মহাসমাবেশে যোগ দিচ্ছেন।

সমাবেশ শুরুর ঠিক আগ মুহূর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বেলা সোয়া তিনটায় ঘোষণা দেন, এইচ এম এরশাদ ও এলডিপির সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী মহাসমাবেশে যোগ দিয়ে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। পল্টন ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতা-কর্মীরা বিপুল হর্ষধ্বনি দিয়ে এ ঘোষণাকে স্বাগত জানায়।

বিকাল সাড়ে ৩টার দিকে কালো কাচের জিপে করে সমাবেশ মঞ্চের পেছনে এসে পৌঁছান এরশাদ। এ খবর ছড়িয়ে পড়লে তুমুল করতালি ও হর্ষধ্বনি দিতে থাকে মহাসমাবেশে আসা লোকজন। আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা এগিয়ে গিয়ে এরশাদকে মঞ্চে নিয়ে আসেন। মঞ্চে আগে থেকেই থাকা ১৪ দলের নেতারা দাঁড়িয়ে এরশাদকে স্বাগত জানান। মঞ্চের সামনে দাঁড়িয়ে সমবেত জনতার উদ্দেশে হাত নাড়েন সাবেক রাষ্ট্রপতি। এরপর তিনি মঞ্চের পেছন দিকে গিয়ে আবদুল জলিলের সঙ্গে গিয়ে বসেন।

সোমবারের সমাবেশে বক্তব্য রাখেন আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টি কাজী জাফর আহমেদ, রুহুল আমিন হাওলাদার, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) হাসানুল হক ইনু, জাকের পার্টির পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল, ইসলামিক ফ্রন্টের মাওলানা খন্দকার গোলাম মাওলা, চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, গণতান্ত্রিক পার্টির নুরুল ইসলাম, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কমিউনিস্ট কেন্দ্রের অসীত বরণ রায়, গণতন্ত্রী মজদুর পার্টির জাকির হোসেন ও ন্যাপের এনামুল হক।

মহাসমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়ে শেখ হাসিনা বলেন, ভোটার তালিকা সংশোধন করতে হবে। তারপর নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করতে হবে। তিনি ১০ উপদেষ্টার গুচ্ছ প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।

হাসিনা প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ দাবি করে বলেন, “ঊনার প্রধান উপদেষ্টার পদে থাকার কোনো অধিকার নেই।

শেখ হাসিনা মহাসমাবেশে নির্বাচন কমিশন পুনর্গঠন, দলীয় বিবেচনায় ৩৪৫ জন নির্বাচনী কর্মকর্তাকে প্রত্যাহারসহ স্বচ্ছ ব্যালট বাক্স , ছবিসহ ভোটার তালিকা এবং পরিচয় পত্র দেওয়ার দাবি জানান ।

আওয়ামী লীগ সভানেত্রী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী , সশস্ত্র বাহিনী ও বিডিআর সদস্যদের উদ্দেশে বলেন, “সকলেই এদেশেরই সন্তান। আপনারা ভোট চোরদের সঙ্গে থাকবেন না । আপনাদের জনগণের সঙ্গে থাকতে হবে।” চোর ধরার জন্য সেনাবাহিনীকে ব্যবহার না করার অনুরোধ জানান তিনি।

প্রশাসনের কর্মমর্তাদের উদ্দেশে তিনি বলেন, “ভোট চুরির নির্বাচনে সহায়তা করবেন না। জনগণের পাশে থাকলে, জনগণও আপনাদের পাশে থাকবে।”

এর আগে বিকাল পৌনে ৫টায় এরশাদ সাত মিনিটের বক্তব্যের শুরুতেই বলেন, “আমি একটা কথা বলে দিতে চাই। আমি সৈনিক, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই।”

নির্বাচন কমিশন পুনর্গঠন, ভোটার তালিকা হালনাগাদ করা ও প্রশাসনকে ঢেলে সাজানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর নেটওয়ার্ক ভেঙ্গে ফেলতে হবে।

তিনি আরও বলেন, “আজ থেকে আন্দোলনের যে কর্মসূচী দেওয়া হবে তার সঙ্গে জাতীয় পার্টি শরিক হবে ।”

অধ্যাপক বদরুদ্দেজা চৌধুরী অভিযোগ করেন, ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধান লঙ্ঘন করে প্রধান উপদেষ্টার পদে বসেছেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের কোনো পরিবেশ তৈরী করতে পারেনি। কারো নাম উল্লেখ না করে এলডিপির চেয়ারম্যান বলেন, দেশের এক নম্বর দুর্নীতিবাজকে গ্রেপ্তার করতে হবে।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রশাসন এখনো দলীয় ভিত্তিতে চলছে। এই প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

সোমবারের মহাসমাবেশে শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগ দেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার রক্ষার স্বার্থে আওয়ামী লীগে যোগদান করতে পেরে আমি গর্ববোধ করছি। হাইজ্যাকারদের হাত থেকে দেশকে মুক্ত করতে নতুন যুদ্ধে অবতীর্ন হতে হবে।

সোমবার দুপুর থেকেই ১৪ দলের কর্মী-সমর্থকেরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের বড় বড় ছবি নিয়ে পল্টন ময়দানে উপস্থিত হতে থাকে। বিকেল চারটার দিকে পল্টন ময়দান লোকে লোকারণ্য হয়ে যায়। এসময় সমাবেশ মঞ্চ থেকে মাইকে অনুরোধ করা হয়, আর যেন কেউ মিছিল নিয়ে পল্টন ময়দানে প্রবেশ না করে।

সমাবেশে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের, আব্দুল মান্নান, সাবের হোসেন চৌধুরী, আব্দুর রহমান, শিরীন আখতার, জিএম কাদের, মাহী বি চৌধুরী, আনিসুল হক মাহমুদ, আবু হোসেন বাবলাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, এলডিপি ও ১১ দল অন্তর্ভূক্ত বাম রাজনৈতিক দলগুলোর নেতারা।