অধ্যাদেশ বা আদালতের মাধ্যমে নির্বাচন পেছানো যাবে না: মান্নান
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, অধ্যাদেশ জারি করে কিংবা আদালতের মাধ্যমে নির্বাচনের তারিখ পেছানোর কোন সুযোগ নাই।
রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী ইন্সটিটিউট মিলনায়তনে সোমবার দুপুরে মহানগর চার দল আয়োজিত এক প্রতিনিধি সভায় মান্নান ভূঁইয়া একথা বলেন।
মঙ্গলবার পল্টনে মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে মান্নান বলেন, “নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আগে এটাই হবে সবচেয়ে বড় সমাবেশ। এছাড়া ১৪ দল যে মহাসমাবেশ করছে তার চেয়ে বেশি লোক সমাগম ঘটবে আমাদের সমাবেশে।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচন পেছানোর দাবি খন্ডন করে মান্নান বলেন, “সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নির্বাচন হতে হবে। অধ্যাদেশ জারি অথবা সুপ্রিম কোর্টের মাধ্যমে যেমন সংবিধান সংশোধনের সুযোগ নেই, তেমনি নির্বচনের তারিখ পেছানোর দাবিও অযৌক্তিক।”
মান্নান ভূঁইয়া ১৪ দলের নেত্রীর প্রতি নির্বাচনে এসে জনপ্রিয়তা যাচাইয়ের আহবান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের অযৌক্তিক দাবির কারণে যদি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত কিংবা গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টি হলেলে দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।
মহানগর বিএনপি সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহম্মদ মুজাহিদ, বিএনপির যুগ্ম মহাসচিব মীর্জা আব্বাস, ইসলামী ঐক্যজাটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব কারি হাবিবুল¬াহ বেলালী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও মাওলানা ইমদাদুল হক আড়াইহাজারী।
সভায় রাজধানীর সব ওয়ার্ডের চার দলীয় জোটের নির্বাচিত কমিশনার এবং মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মান্নান ভূঁইয়া আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, তারা একের পর এক দাবি তুলে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। বিচারপতি এম এ আজিজ এবং কে এম হাসান চলে যাওয়ার পরও তাদের দাবি শেষ হয়নি।
তিনি বলেন, জনগণের প্রতি আস্থা নেই বলে সংকট সৃষ্টি করে ১৪ দল নির্বাচন বানচাল করতে চাচ্ছে ।
