১৪ দলের মহাসমাবেশে হাসিনা-এরশাদ
রাজধানীর পল্টন ময়দানে ১৪ দলের মহাসমাবেশে এসে যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সমাবেশে এসে পৌঁছালে উপস্থিত ১৪ দল এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
কঠোর নিরাপত্তার মধ্যে রাজধানীর পল্টন ময়দানে শুরু হওয়া ১৪ দলের মহাসমাবেশে ১৪ দল, জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতারা এসে যোগ দিয়েছেন।
এ সমাবেশ থেকেই ১৪ দলের নির্বাচন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে পল্টন এখন সব মনোযোগের কেন্দ্রবিন্দু।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক সমাবেশস্থলে সাংবাদিকদের বলেন, “আমরা জাতীয় পার্টি, এলডিপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে আমাদের সমাবেশে আহ্বান জানিয়েছি সংহতি প্রকাশের জন্য। তারা আমাদের সঙ্গে সংহতি জানাতে যোগ দিয়েছেন।”
তিনি বলেন, “আমাদের ১১ দফা দাবির মধ্যে পাঁচটি দাবির বাস্তবায়ন করতেই হবে।”
১৪ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন ময়দানসহ আশপাশের সব জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পল্টন ময়দানে ঢোকার সবগুলো রাস্তাতে সকাল থেকেই কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। আশপাশের উঁচু ভবনগুলোতেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে।
বেলা সোয়া একটার মধ্যেই ওই সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে পল্টনে সমবেত হতে শুরু করেন ১৪ দলের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর পুলিশ পল্টন ময়দানের আশেপাশের সবগুলো রাস্তায় যানবাহন চলাচল ও পার্কিং নিষিদ্ধ করেছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার রোববার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে লাঠি, বৈঠা বা ক্ষতিকারক বস্তু নিয়ে মিছিল বা জনসভায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
ডিএমপির আরেক নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকে হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা, রাজউক, ফকিরাপুল, বিজয়নগর, জিপিও, ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু স্কোয়ার, কাপ্তানবাজার, জয়কালী মন্দির ও ইত্তেফাক এলাকার রাস্তাগুলোতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
পুলিশের বিভিন্ন শাখা ও সংস্থাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
আট হাজার নিয়মিত পুলিশকে সহায়তা দিতে বিডিআর মোতায়েনের পাশাপাশি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে র্যাবকে।
