২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলে যোগ দিতে এরশাদ এখনও অটল: জি এম কাদের

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য জি এম কাদের দাবি করেছেন, দলের নেতা এইচ এম এরশাদ ১৪ দলে যোগ দেওয়ার সিদ্ধান্তে এখনও অটল। অবশ্য আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত এরশাদের সিদ্ধান্ত সম্পর্কে জি এম কাদেরও নিশ্চিত নন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 12:53 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এরশাদ আত্মগোপন করেছেন বলে গুজবের বিষয়ে সোমবার কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমাদের জানা মতে, এরশাদ এখন ইউনাইটেড হাসপাতালে আছেন। টেলিফোনে কথা রেকর্ড করার কারণে তাঁর সঙ্গে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। কিন্তু পরোক্ষভাবে আমরা খবর পাচ্ছি যে, তিনি এখন হাসপাতালে আছেন।”

জি এম কাদের বলেন, “ ১৪ দলের যোগদানের সিদ্ধান্তে এখনও এরশাদ অটল থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

১৪ দলের সোমবারের মহাসমাবেশে এরশাদ যোগ দেবেন কিনা জানতে চাওয়া হলে কাদের বলেন, “এখনও তা নিশ্চিত নয়। তিনি নিজেও যোগ দিতে পারেন আবার কাউকে প্রতিনিধি হিসেবেও পাঠাতে পারেন।”

রোববার দিনভর সাংবাদিকেরা তার সঙ্গে যোগোযোগ করতে পারেননি। এমনকি দলের অনেক নেতা-কর্মীর কাছেও সারাদিন এরশাদ ছিলেন নিরুদ্দেশ।

এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ১৪ দলে যোগ না দেওয়ার জন্য চার দলের পক্ষ থেকে তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে। জাপানি নৌযান কেনা নিয়ে দুর্নীতি মামলায় হাইকোর্টের রায় অনুযায়ী গ্রেপ্তার এড়াতে তিনি হয়তো আত্মগোপন করেছেন বলেও সূত্রটি জানায়।