নির্বাচন কমিশনের সমন্বয় সভায় জেলা কর্মকর্তারা বাদ
নির্বাচন কমিশন সোমবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সভা ডেকেছে। তবে এবারই প্রথম এই সভায় জেলা নির্বাচনী কর্মকর্তাদের ডাকা হয়নি।
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেচেন, “যেহেতু ১৮ তারিখ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, তাই বৈঠকে তাদের ডাকা হয়নি। জেলা প্রশাসকরা ফিরে গিয়ে বৈঠকের বিষয়বস্তু তাদের জানাবেন।”
উল্লেখ্য, প্রতিবার নির্বাচনের আগে কমিশনের পক্ষ থেকে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। এ সভা থেকে দেওয়া হয় নির্বাচন সংক্রান্ত নানা দিক নির্দেশনা। সভায় সংশ্লিষ্টরা তাদের নির্বাচনী কাজের নানা সমস্যার দিকও তুলে ধরেন।
জেলা নির্বাচন অফিসার সমিতি রোববার কমিশন সচিব আব্দুর রশীদ সরকারকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে।
সমিতির সভাপতি শাহ আলম ও মহাসচিব বজলুর রহমান সাক্ষরিত চিঠিতে বলা হয়, “রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তারাই নির্বাচনের কাজ করে থাকেন। এ কারণে সভায় তাদের উপস্থিত থাকা প্রয়োজন।”
