সাবেক দুই মন্ত্রীর আওয়ামী লীগে যোগদান
আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে মনোনয়ন লাভের প্রত্যাশায় প্রধান দুই রাজনৈতিক দলে যোগদানের হিড়িক পড়েছে। এরই ধারাবাহিকতায় রোববার আওয়ামী লীগে যোগ দিয়েছেন সাবেক দুই মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা ও একেএম মাইদুল ইসলাম।
সাবেক মন্ত্রী ও সচিব এবিএম গোলাম মোস্তফা ডা. আব্দুল মতিনের নেতৃত্বাধীন জাতীয় পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। গোলাম মোস্তফা এবং মাইদুল ইসলাম দু’জনেই এরশাদের মন্ত্রিসভায় ছিলেন। এর আগে জিয়াউর রহমানের শাসনামলেও মন্ত্রী ছিলেন মাইদুল ইসলাম ।
এতদিন তারা আওয়ামী লীগের বিরোধিতায় সোচ্চার ছিলেন। অথচ রোববার তারা ধানমন্ডির দলীয় কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেই আওয়ামী লীগেই যোগ দেন।
গোলাম মোস্তফা কুমিল্লা-৪ (দ্বেবীদ্বার) আসনে এবং মাইদুল ইসলাম কুড়িগ্রাম থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান।
এদিন আরো বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগে যোগ দেন। এদের মধ্যে আছেন সাবেক সাংসদ ও বিজেপির প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম চৌধুরী, মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাহজালাল।
সিরাজুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের পটিয়া, আব্দুল হাফিজ মল্লিক বরিশালের বাকেরগঞ্জ এবং এম শাহজালাল কুমিল্লার বড়ুরা আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান।
যোগদান অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে শেখ হাসিনা পরিষ্কারভাবে জানিয়ে দেন, “বহুদিন ধরে যে সব নেতাকর্মী দলের জন্য ত্যাগ স্বীকার করছেন তাদের অবমূল্যায়ন করা হবে না।”
যোগাদানকারীরা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়েই তারা আওয়ামী লীগে এসেছেন।
