২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জোটের মহাসমাবেশ ঘিরে রাজধানীতে কড়াকড়ি নিরাপত্তা

সোম ও মঙ্গলবার পল্টন ময়দানে যথাক্রমে ১৪ দল ও চারদলীয় জোটের মহাসমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ঢাকা মহানগর পুলিশ পল্টন ময়দানের আশেপাশের সবগুলো রাস্তায় যানবাহন চলাচল ও পার্কিং নিষিদ্ধ করেছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার রোববার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজধানীতে লাঠি, বৈঠা বা ক্ষতিকারক বস্তু নিয়ে মিছিল বা জনসভায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

ডিএমপির আরেক নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকে হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা, রাজউক, ফকিরাপুল, বিজয়নগর, জিপিও, ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু স্কোয়ার, কাপ্তানবাজার, জয়কালী মন্দির ও ইত্তেফাক এলাকার রাস্তাগুলোতে যানবাহন চলাচল করতে পারবে না।

দুই রাজনৈতিক জোটই বড় ধরনের জমায়েত করার ঘোষণা দেয়ায় পুলিশের বিভিন্ন শাখা ও সংস্থাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

আট হাজার নিয়মিত পুলিশকে সহায়তা দিতে বিডিআর মোতায়েনের পাশাপাশি বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে র‌্যাবকে।

রাজারবাগ পুলিশ লাইনের টেলিকম মিলনায়তনে রোববার দুপুরে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বৈঠক হয়।

সদর দপ্তরের মিডিয়াসেল প্রধান সহকারী পুলিশ মহাপরিদর্শক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, সমাবেশ নিয়ে পুলিশ নিজেদের মধ্যে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে তিনি কিছু জানাননি।