২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের নতুন তারিখ ঘোষণা নিয়ে ঝামেলায় পড়েছে নির্বাচন কমিশন

নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করা নিয়ে ঝামেলায় পড়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের একাধিক কর্মকর্তা জানান, ভোটের তারিখ পরিবর্তনের ক্ষেত্রে প্রধান দুই রাজনৈতিক জোটের মতবিরোধের কারণে এই জটিল পরিস্থিতি দেকা দিয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ মুখ খুলতে চাননি।

দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী, ২০০৭ সালের ২৩ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা। কিন্তু ওইদিন সরস্বতী পূজা থাকায় এরই মধ্যে বিভিন্ন মহলের পক্ষ থেকে ভোটের দিন বদলের দাবি উঠেছে।

বিএনপির একটি প্রতিনিধি দল গত সপ্তাহে কমিশন সচিবের সঙ্গে দেখা করে নির্বাচনের তারিখ দু/একদিন এগিয়ে আনার দাবি জানায়। কিন্ত আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন আরও দেড়মাস পেছানোর দাবি তুলেছে।

এ অবস্থায় বুধবার সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের বলেছিলেন, দুই জোটের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে তারিখ পরিবর্তন করা হবে। পরিবর্তিত ভোটের তারিখ দু/একদিনের মধ্যেই জানা যাবে বলেও তিনি জানিয়েছিলেন।

বৃস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান সাংবাদিকদের একই কথা জানান। কিন্তু রোববার সন্ধ্যা ৬টায় অফিস ত্যাগ করার আগে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, “কালকে কথা বলবো।”

তিনি কমিশনের মুখপাত্র সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলার পরামর্শ দেন।

কিন্তু কমিশন সচিব কথা বলার জন্য সাংবাদিকদের সময়ই দেননি। তিনি আবার অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়ার সঙ্গে কথা বলতে বলেন।

কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সচিবও সাংবাদিকদের মুখোমুখি হননি।

এদিকে ভোটার তালিকা মূদ্রণের নির্ধারিত দিন রোববার পেরিয়ে গেলেও এ ক্ষেত্রে কমিশনের সাফল্য সামান্যই।

মূদ্রণ ব্যবসায়ীদের নেতা শরিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫টি এরই মধ্যে ছাপার কাজ শেষ করেছে। বাদবাকী কাজ এ সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নির্ধারিত ১৭ ডিসেম্বরের মধ্যে কেন তালিকা ছাপা শেষ হলো না, তা ব্যাখ্যা করে শরীফ আহমেদ বলেন, “কমিশনকে আমরা আগেই বলেছিলাম, তাদের বেঁধে দেওয়া ৪৫ দিনের মধ্যে তালিকা কোনোভাবেই ছাপা সম্ভব নয়। গত রোজার ঈদের ছুটিতে মূদ্রণ ব্যবসায়ীদের এক সপ্তাহ নষ্ট হয়েছে। এর ওপর আছে বিদ্যুত বিভ্রাট। কিন্তু কমিশনের কর্মকর্তারা এ সব কানে তুলতেই রাজী নন।”

প্রসঙ্গত, নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে মূদ্রণব্যবসায়ীদের এক বৈঠকে শুক্রবার নির্ধারিত সময়ের মধ্যে মুদ্রিত ভোটার তালিকা হাতে না পেলে কমিশন ছাপাখানার মালিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।

বৈঠকে কমিশন তালিকা ছাপার কাজ ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য জোর তাগিদ দেয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ৮ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের যে কাজ চলছে, তার পুরোটাই হাতে লিখে করা হচ্ছে।

গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকাটি তৈরি করতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকা।

এবার তালিকা সংশোধনের কাজে ১ লাখ ৪০ হাজার নির্বাচন কর্মকর্তা মাঠে কাজ করছেন। এর জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

এবার ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩।