তারেককে মনোনয়ন দেয়ার দাবি বিবেচনা করতে খালেদার আশ্বাস
বগুড়া-৭ আসন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে মনোনয়ন দেয়ার দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড।
বগুড়ার গাবতলী থানা বিএনপির সভাপতি আনিসুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী তারেক রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বনানীর হাওয়া ভবন কার্যালয়ের সামনে রোববার অবস্থান কর্মসূচি পালন করে।
এক পর্যায়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তারা তাদের দাবির কথা জানান। খালেদা জিয়া বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, এখনই কিছু বলা যাচ্ছে না। সংসদীয় বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এ সময় বোর্ডের সদস্য এম সাইফুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কে এম ওবায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
হাওয়া ভবনের মুখপাত্র আশিক ইসলাম সন্ধ্যায় বিষয়টির সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “তারেক রহমানকে বগুড়া-৭ আসন থেকে মনোনয়ন দেয়ার বিষয়টি চেয়ারপার্সনকে জানানো হয়েছে।” তবে তিনিও বলেছেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদীয় বোর্ড।
২০০১ সালের নির্বাচনে গাবতলী আসন থেকে তারেক রহমানকে মনোনয়ন দেয়ার জন্য স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা দাবি তুলেছিলো। কিন্তু খালেদা জিয়া তখন তাকে মনোনয়ন দেননি। ওই আসনে হেলালুজ্জামান তালুকদার লালুকে মনোনয়ন দেওয়া হয়েছিলো।
