নির্বাচন পেছানোর দাবি ‘অযৌক্তিক’: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ১৪ দলের নির্বাচন পেছানোর দাবিকে ‘অযৌক্তিক’ ও ‘অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন।
দলের কেন্দ্রীয় কার্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে রোববার সম্মিলিত পেশাজীবী পরিষদের এক সভায় তিনি বলেন,“ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচনের তফসিল ঘোষণার দাবি যৌক্তিক নয়। ১৪ দল একের পর এক অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন হবে।”
তিনি ১৪ দলের প্রতি আবারও নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সহসভাপতি আমিনুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি সভাপতি সাদেক হোসেন খোকা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পরিষদের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন জাভেদ ইকবাল, ডা. একেএম আজিজুল হক, চিত্র পরিচালক চাষি নজরুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিরু প্রমুখ।
বিএনপি মহাসচিব ২০০১ সালের নির্বাচনে পেশাজীবীদের ভূমিকার প্রশংসা করে করে বলেন,“আপনাদের সহযোগিতার কারণে গত নির্বাচনে আমরা ভালো ফল পেয়েছিলাম। এবারও আপনাদের সহযোগিতা চাই।”
১৯ ডিসেম্বরের পল্টন মহাসমাবেশ সফল করার জন্যও তিনি পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।
