নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করছে ১৪ দল: মান্নান
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইঁয়া ১৪ দলের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।
রোববার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি উদ্বোধনকালে তিনি বলেছেন, “নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করতে ষড়যন্ত্র করছে ১৪ দল।”
মান্নান ভূইঁয়া বলেন, কিছুদিন পরেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কয়েকটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জনগণের প্রতি তাদের আস্থা নেই বলে তারা নির্বাচনকে ভয় পায়।
১৪ দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “ভোটের মাধ্যমে জনগণ যাদের পক্ষে রায় দেবে তা মেনে নেব আমরা। তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই।”
মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশের পর বেলুন উড়িয়ে বিজয় র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মান্নান ভূইঁয়া।
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুবদল সভাপতি বরকতউল্লাহ বুলু, সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মান্নান ভূইঁয়া অভিযোগ করে বলেন, প্রশাসনের প্রতি ১৪ দলের কোন আস্থা নেই। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ভন্ডুল করতে চায়।
বিএনপি সরকারের আমলে দেশের উন্নয়নের কথা তুলে ধরে মান্নান ভূঁইয়া বলেন, অর্থনীতি, সামাজিক খাতসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে আমাদের সরকার ধারাবাহিকভাবে উন্নয়নের কাজ করেছে।
বাংলাদেশকে একটি স্বাবলম্বী ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে আগামীতে চারদলীয় জোটকে আবার ক্ষমতায় আনার আহবান জানান মান্নান ভূইঁয়া।
আগামী ১৯ ডিসেম্বর পল্টন ময়দানের মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
বিজয় র্যালিতে মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, মৎসজীবী দল, চিকিৎসক সংগঠন ড্যাবসহ বিভিন্ন সংগঠন মিছিল নিয়ে এসে যোগ দেয়। র্যালিটি মগবাজার মোড়ে এসে শেষ হয়।
