২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ দিনের মধ্যে নির্বাচন করতে সংবিধানের দোহাই দেবেন না: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই কোন অজুহাত হতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার সময় যদি কোনও ঘটনা ঘটে সেজন্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ও বিএনপি নেতৃত্বাধীন জোট দায়ী থাকবে বলে তিনি হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

বিএনপি ও বিজেপির বেশকিছু নেতা-কর্মী ছাড়াও দুই সেনা কর্মকর্তার আওয়ামী লীগে যোগদান উপলক্ষে ধানমণ্ডি কার্যালয়ে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান ভোটার তালিকা সংশোধনের পর নির্বাচনের তারিখ পুনর্নিধারণের দাবি আবারও জানান।

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে ৯০ দিনের সময়সীমা কোনও বাধা হওয়া উচিত নয়।

হাসিনা বলেন, অবশ্যই ভোটার তালিকা হালনাগাদ করার পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। পরিবর্তন করতে হবে নির্বাচনের তারিখও। এর ব্যতিক্রম জনগণ মেনে নেবে না।

বিএনপির সাবেক মন্ত্রী এম মাইদুল ইসলাম, বিজেপির সাধারণ সম্পাদক এবিএম গোলাম মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ সিরাজুল ইসলাম চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শাহজালাল আওয়ামী লীগে যোগ দেন।

দিনাজপুর এবং কুমিল্ল¬ার দুটি আসনে উপনির্বাচন না দিয়ে সাবেক বিএনপি-জামায়াত জোট সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে হাসিনা অভিযোগ করেন। তিনি বলেন, ৯০ দিনেরও বেশি সময় ধরে ওই আসন দুটি ফাঁকা ছিল।

হাসিনা প্রশ্ন রাখেন, ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক চেতনা তখন কোথায় ছিল?

তিনি বলেন, সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছেন। ভোটার তালিকা হালনাগাদ এবং প্রকাশ না করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এটিও সংবিধান লঙ্ঘন। কিন্তু এখন তারা (বিএনপি এবং জামায়াত) ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যস্ত হয়ে পড়েছে।

১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারির নির্বাচনের কথা উলে¬খ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ভোটারদের বয়কট করা নির্বাচনের পরিণতি খালেদা জিয়ার জানা আছে। তাই তার শুভবুদ্ধির উদয় হওয়া উচিত।

তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার দোহাই দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচন করলে জনগণ সেই একতরফা নির্বাচন মেনে নেবে না।