২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষভাবে নেতৃত্ব দিতে ইয়াজউদ্দিন ব্যর্থ হয়েছেন: বিউটেনিস

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বলেছেন, ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষভাবে কাজ না করায় জাতিকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আমেরিকান সেন্টারের সহযোগিতায় ‘গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে রাষ্ট্রদূত বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা হলো, তত্ত্বাবধায়ক সরকার সবসময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেনি। যার ফলে জাতিকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আশা করি, এসব আমরা পেছনে ফেলে এসেছি।”

আমেরিকান সেন্টারের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকান স্টাডিজ।

‘ইলেকশনস: এ রোড অ্যাহেড’ শীর্ষক বক্তৃতায় বিউটেনিস বলেন, নিরপেক্ষতাই হচ্ছে তত্ত্ববধায়ক সরকারের মূল বৈশিষ্ট্য। সেনাবাহিনী, রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রচার মাধ্যম কিংবা পুলিশ যেটাই হোক না কেন দৃশ্যতঃ তা কতটা নিরপেক্ষভাবে এবং কার্যকরভাবে পরিচালনা করা হচ্ছে তার ওপর নির্ভর করে।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার উচিত একটি নির্দলীয় সরকার পরিচালনা করা এবং উপদেষ্টাদের পরামর্শ শুনতে শুরু করার পরই সবচেয়ে সফলভাবে তিনি এটা করতে পেরেছিলেন।

বিউটেনিস বলেন, অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ একইসঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পদ নেওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম নিয়ে বিতর্ক হচ্ছে। তিনি বলেন, “রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা একই ব্যক্তি হওয়ায় আমরা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছি। এটাই বিষয়টিকে জটিল করে তুলেছে।”

বিউটেনিস বলেন, “তবে এর মধ্যেও আশার কথা যে, ইয়াজউদ্দিন তাঁর উপদেষ্টাদের পরামর্শ শুনতে শুরু করেছেন।”

নির্বাচনের আগে-ভাগে রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে যেমন তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করার প্রক্রিয়া থেকে সরে আসতে হবে, তেমনি তত্ত্বাবধায়ক সরকারকেও রাজপথ কিংবা পর্দার অন্তরালে এসব প্রভাব থেকে চাপমুক্ত থাকার ব্যাপারে সক্রিয় থাকতে হবে।

বিউটেনিস বলেন, বাংলাদেশের জনগণের ওপর সংবিধান বহির্ভূত কোন পদক্ষেপ বিশেষ করে সামরিক হস্তক্ষেপ চাপিয়ে দেওয়া হলে সেটা সাম্প্রতিক রাজনৈতিক প্রক্রিয়ায় সৃষ্ট জটিলতার সমাধান নয়। বরং এর ফলে বিশৃঙ্খলা ও হতাশার সৃষ্টি করবে। গণতন্ত্রকামী সকল মানুষেরই এ ধরনের পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করা উচিত।

হরতাল ও অবরোধের সমালোচনা করে বিউটেনিস বলেন, “যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে হরতালের বিরোধিতা করে আসছে। কেননা এসব পদক্ষেপ সেকেলে, উসকানিমূলক আর অগণতান্ত্রিক। ঔপনিবেশিক শাসনামলের কায়দায় আন্দোলন পরিচালনার সময় আমরা পেরিয়ে এসেছি। দেশজুড়ে অবরোধেরও আমরা বিরোধিতা করি। কেননা এর ফলে অর্থনীতি বিপর্যস্ত হয়, চলাচলের অধিকার খর্ব করার মাধ্যমে লাখ-লাখ সাধারণ মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। অবরোধ এবং অবরোধের হুমকি চাপা পড়ার বিষয়টি অত্যন্ত খুশীর খবর। আমরা আবারও সবগুলো রাজনৈতিক দলকে তাদের লক্ষ্য অর্জনের জন্য রাজপথের পরিবর্তে গণতান্ত্রিক পন্থা বেছে নেওয়ার আহ্বান জানাই।”

আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর বৃহত্তর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “সমস্যাটি হচ্ছে তাদের জন্য ভালো সুযোগ রয়েছে এ বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সবগুলো দল নির্বাচনে অংশ নেবে না।”

বিএনপির যোগসাজশে নির্বাচন কমিশনে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে এবং কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরীর সম্ভাব্য ছুটিতে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিউটেনিস বলেন, “এ প্রশ্নের উত্তর দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।”

অবশ্য তিনি বলেন, “গ্রহণযোগ্য নন এমন লোককে যদি নিয়োগ করা হয় তাহলে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠাটাই স্বাভাবিক।”

বিউটেনিস বলেন, “নির্বাচন কমিশনকে ঘিরেই মূল বিতর্ক আবর্তিত হচ্ছে। কাজেই আমার ধারণা, প্রধান দুই দলের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই নির্বাচন কমিশনের জন্য খুঁজে দেখা হচ্ছে।”

সেমিনারে সভাপতিত্ব করেন এ কে এম নুরুন নবী।