২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট নেই, উপসচিব আছে দ্বিগুণ

কর্মকর্তার অভাবে দুই লাখেরও বেশি মামলার জট বেঁধেছে ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 11:33 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

উপসচিব পদে দফায় দফায় পদোন্নতিতে প্রায় দেড় হাজার সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিবের পদ শূন্য হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন সচিব প্রশাসনের নিচের স্তরে শূন্যতার কথা স্বীকার করে বলেছেন, “এর জের বহু বছর টানতে হবে।”

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনের সহকারী ও সিনিয়র সহকারী সচিবের অনুমোদিত পদের সংখ্যা ৪২৭৪টি।

মাঠ প্রশাসনে ৩৫৮০টি পদের মধ্যে কর্মরত আছেন ২২০৮ জন এবং সচিবালয়ের ৬৯৪টির মধ্যে আছেন ৫৩২ জন। অর্থাৎ বর্তমানে মাঠ প্রশাসন ও সচিবালয়ে শূন্য পদের সংখ্যা যথাক্রমে ১৩৭২ ও ১৬২টি।

সচিব এএফএম সোলায়মান চৌধুরী প্রশাসনে সর্বশেষ পদোন্নতির পর ৫ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত জোট সরকার নির্ধারিত পদের বিপরীতে অতিরিক্ত পদোন্নতি দিয়েছিল। উপসচিব পদে আগে থেকেই অতিরিক্ত কর্মকর্তা আছে। পদোন্নতি বঞ্চিতদের মধ্যে ১৭৬ জনকে পদোন্নতি দেওয়ায় আরো কিছু অতিরিক্ত কর্মকর্তা যোগ হয়েছে।”

সে সময়ের সংস্থাপন সচিব আরো বলেন, “এতে মাঠ প্রশাসনে ব্যাপক শূন্যতার সৃষ্টি হয়েছে। এর জের বহু বছর টানতে হবে।”

৬ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডে বদলি হওয়া এএফএম সোলায়মান চৌধুরীর পদটিও ১১ দিন ধরে খালি আছে।

সহকারী সচিব পদে পর্যাপ্ত সংখ্যক নতুন কর্মকর্তা নিয়োগ না দিয়ে উপসচিব পদে একের পর এক পদোন্নতি দেওয়াতে প্রশাসনের নিচের দিকে এ সঙ্কটের সৃষ্টি হয়েছে ।

মাঠ প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, এ পরিস্থিতিতে মাঠ প্রশাসন প্রায় স্থবির হয়ে পড়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেল সূত্রে জানা গেছে, দেশের ৬৪ জেলার ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার সংখ্যা দুই লাখ ৬৬ হাজার ১৭২ এ এসে দাঁড়িয়েছে।

ম্যাজিস্ট্রেটের অভাবে একই সময়ে একাধিক আদালতের কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। এতে জমছে মামলার পাহাড়।

একজন সাবেক জেলা প্রশাসক জানান, কয়েকটি জেলা আছে, যেখানে ম্যাজিস্ট্রেট অসুস্থ হয়ে পড়লে তার অনুপস্থিতিতে আদালত চালান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)। ফলে সে দিনের জন্য এডিএমএর এর অন্য সব কাজ আটকে যায়।

সচিবালয়ের একজন কর্মকর্তা জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের একজন সহকারী অথবা সিনিয়র সহকারী সচিব চালাচ্ছেন একাধিক ডেস্ক। ফলে কোনো কাজই সুষ্ঠুভাবে হচ্ছে না। অন্যদিকে মাঠ পর্যায়ে একজন ম্যাজিস্ট্রেট চালাচ্ছেন একাধিক আদালত।

ম্যাজিস্ট্রেট স্বল্পতায় সরকারের নেয়া নানা ধরনের বিশেষ কর্মসূচিও ব্যহত হচ্ছে।

এতে অনিয়মিত হয়ে পড়েছে ভেজাল বিরোধী অভিযান।

একজন ম্যাজিষ্ট্রেট বলেন, “নির্বাহী কাজের পাশাপাশি বিচার কাজ করতে হয়। কর্মকর্তা বা ম্যাজিষ্ট্রেট স্বল্পতার কারণে একই সঙ্গে দুটি কাজ করা সম্ভব হচ্ছে না।”

বিগত জোট সরকার পাঁচ দফায় ১৫৭০ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছিল। ওই সময় “বঞ্চিত” ১৭৬ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।

বর্তমানে ৮৩০টি উপসচিব পদের বিপরীতে ১৫৩০ জন কর্মকর্তা রয়েছেন।