উপদেষ্টাদের দেয়া শর্তযুক্ত প্রস্তাব ১৪ দলের প্রত্যাখান
১৪ দল উপদেষ্টাদের দেয়া শর্তযুক্ত প্রস্তাব প্রত্যাখান করেছে।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, “যে উপদেষ্টারা নির্লজ্জের মতো জাতির সঙ্গে বেঈমানী করে শর্ত মেনে চাকরিতে যোগ দিয়েছেন তাদের শর্ত নিয়ে আলোচনা করতে আমরা ঘৃণাবোধ করি।”
রোববার সন্ধ্যায় ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগরে ন্যাম ভবনে জলিলের ফ্ল্যাটে এই বৈঠক অনুষ্টিত হয় ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন ,“শর্ত সাপেক্ষে আমাদের কাছে কোনো প্রস্তাব এসেছে কি-না আমরা তা জানি না।”
পুর্ণাঙ্গ ও ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবি জানিয়ে ১৪ দলের সমন্বায়ক বলেন, চক্রান্ত-ষড়যন্ত্র করে অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খা পর্যদুস্ত করা হলে জনগণকে নিয়েই তা প্রতিহত করা হবে।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে নিরপেক্ষ কাউকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আব্দুল জলিল বলেন, “তা না হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা তা জাতি পুনরায় বিবেচনা করবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “১৪ দল নির্বাচন করতে চায়। কিন্তু, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমরা শুনেছি, ১৯ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা ছাপানোর জন্য প্রেসের লোকদের চাপ দেওয়া হচ্ছে।”
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া ১৪ দলের এই বৈঠকে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, পংকজ ভট্টাচার্য, দিলীপ বড়ুয়া, হাসানুল হক ইনু, মাইনুদ্দিন খান বাদল, কাজী জাফরউল্যাহ, এনামুল হক, ওবায়দুল কাদের, আব্দুল মান্নান প্রমুখ ।
রাত সোয়া ৮টায় বৈঠকটি শেষ হওয়ার পর আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, পংকজ ভট্টাচার্য, হাসানুল হক ইনু, এনামুল হক আলাদা একটি কক্ষে আরেকটি বৈঠক করেন প্রায় দশ মিনিট ।
