২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদকে নিয়ে ১৪ দলে টানাপড়েন

এইচ এম এরশাদসহ কিছু ইস্যুতে ১৪ দলে টানাপড়েন দেখা দিয়েছে। সোমবারের মহাসমাবেশে এরশাদ বা তাঁর কোনো প্রতিনিধিকে ১১ দল মেনে নেবে না বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং নিজেদের অবস্থান নিয়ে শনিবার সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক বসে। তবে, এই বৈঠক সম্পর্কে পার্টির সভাপতি রাশেদ খান মেনন কিছুই জানতেন না।

মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বরিশালে অবস্থান করছেন এবং এ ধরণের কোনো বৈঠক হচ্ছে না।

ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম, ১১ দলের সমন্বায়ক বিমল বিশ্বাস, পংকজ ভট্টাচার্য, হাজী আব্দুস সামাদসহ বেশ কয়েকজন নেতা।

সন্ধ্যা সাতটার কিছু পরে শুরু হয়ে রাত সাড়ে ৮টা চলে এই বৈঠক এবং রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত তা মূলতবী করা হয়েছে।

বৈঠক প্রসঙ্গে দিলীপ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবারের মহাসমাবেশ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, “মহাসমাবেশে এরশাদ বা তার কোনো প্রতিনিধি আসলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এরশাদ যুগপৎভাবে আন্দোলন করতে পারেন। কিন্তু, তার সঙ্গে তো জোট করা যায় না ।”

আরেক প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, “ছোট ছোট ইসলামী দলগুলোর সঙ্গে আওয়ামী লীগ আলোচনা করেছে । ১৪ দল করেনি।”

অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস জানান, সোমবারের মহাসমাবেশে কি হতে যাচ্ছে, কারা ওই মহাসমাবেশে উপস্থিত থাকবেন এ বিষয়ে কিছুই তাঁরা জানেন না।

তিনি বলেন, “আওয়ামী লীগ এখনো আমাদের অন্ধকারে রেখে দিয়েছে।”