২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে পারে বিএনপি’

বিএনপি আসন্ন নির্বাচনে বিতর্কিত এলিট ফোর্স র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 12:54 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে: “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির একটি জোরালো প্রভাব রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ও তার নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর। সে কারণে তাদের আশঙ্কা নির্বাচনী প্রচারাভিযানের সময় র‌্যাবকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হতে পারে।”

বাংলাদেশে নিরাপত্তা হেফাজতে ৩৫০ জনেরও বেশি ব্যক্তির হত্যাকাণ্ডের সঙ্গে সাড়ে আট হাজার সদস্যের র‌্যাব জড়িত বলে সংস্থা ওই প্রতিবেদনে বলা হয়েছে।

“জাজ, জুরি, এক্সিকিউশনার: টর্চার অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বাই বাংলাদেশ এলিট সিকিউরিটি ফোর্স” শীর্ষক ৭৯ পৃষ্ঠার দীর্ঘ প্রতিবেদনে ক্রমবর্ধমান সন্ত্রাস বন্ধে ২০০৪ সালে কিভাবে র‌্যাব গড়ে ওঠে এবং আটক অবস্থায় কিভাবে সন্দেহভাজন অপরাধীদের হত্যার সংস্কৃতি চলছে তার বিবরণ দেওয়া হয়েছে।

“এই বাহিনীর নির্যাতনের পদ্ধতিগুলো হলো মারধর, বৈদ্যুতিক ড্রিল মেশিন দিয়ে শরীর ফুটো করা এবং বৈদ্যুতিক শক দেওয়া,” বলেছে হিউম্যান রাইটস ওয়াচ।

সংগঠনের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, “র‌্যাব বাংলাদেশে সরকারের একটি ঘাতক বাহিনীতে পরিণত হয়েছে। এর পদ্ধতিগুলো অনৈতিক এবং বিশেষ করে ওই জাতির জন্য লজ্জাকর, যে দেশের এক নাগরিক সম্প্রতি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তির জন্য।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর একজন সাংবাদিক যোগাযোগ করেছিলেন, কিন্তু র‌্যাবের মুখপাত্র এই প্রতিবেদন নিয়ে কথা বলতে রাজী হননি।

প্রতিবেদনে আরো বলা হয়, “বাংলাদেশ সরকারের কয়েকজন কর্মকর্তাও হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, ‘সরকার এই বাহিনীকে অপরাধীদের গ্রেপ্তার করার পরিবর্তে হত্যার কর্তৃত্ব দিয়ে দিয়েছে’।”

সরকারের এক শীর্ষ স্থানীয় কর্মকর্তা বলেছেন, “হত্যা করার জন্য বিদায়ী সরকার র‌্যাবের হাতে শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের একটি তালিকা তুলে দিয়েছে।”

ক্ষমতায় থাকাকালে বিএনপি নেতৃত্বাধীন সরকার আড়াই বছর ধরে র‌্যাবের হত্যাকে এই বলে সমর্থন করেছে “যারা নিহত হয়েছে তারা সবাই শীর্ষ সন্ত্রাসী। গ্রেপ্তার ঠেকাতে অথবা র‌্যাব ও সন্ত্রাসী দলের ক্রসফায়ারে পড়ে এরা নিহত হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের বছরব্যাপী অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ সন্দেহভাজন র‌্যাব হেফাজতে নিহত হয়েছে। এদের কাউকে কাউকে নির্যাতনের মাধ্যমে অথবা বিচার বর্হিভূতভাবে মারা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের সময়ও র‌্যাবের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০০৪ সালের জুলাই মাসে র‌্যাব সদস্যরা বিরোধী দলের এক সংসদ সদস্য আহসানুল্লাহ মাষ্টার এর হত্যাকাণ্ডের এক সাক্ষীকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে।

ব্র্যাড অ্যাডামস বলেন, “র‌্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের জন্যও ফৌজদারী অভিযোগ না আনা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার।”

সংগঠনটির প্রতিবেদনে আরো বলা হয়, “জন্মের সময় থেকে গত ১ অক্টোবর পর্যন্ত র‌্যাব বাংলাদেশে ৩৬৭ টি হত্যাকাণ্ডের জন্য দায়ী। নিহতদের বয়স ১৪ থেকে ৬৫ বছর পর্যন্ত। এর মধ্যে ৩২ শতাংশ হত্যাকাণ্ড ঘটেছে রাজধানীতে।”

এত সমালোচনা সত্বেও আওয়ামী লীগ বলছে, তারা ক্ষমতায় এলে এই বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করবে। দলটির সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এই বাহিনীকে ব্যবহার করবেন।”

এক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচের মন্তব্য হচ্ছে, “ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সাড়ে আট হাজার সদস্যের এই আধাসামরিক বাহিনী দুর্নীতি দমনের জন্য যথোপযুক্ত প্রতিষ্ঠান নয়।”