২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে: জলিল

আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবে বলে ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বৃহস্পতিবার রাতে দলের সাধারণ সম্পাদক অবদুল জলিল সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচনে অংশ নেবো। নির্বাচনের বিকল্প কিছু নাই।”

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে জলিল বলেন, “সে কারণেই আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় আমরা বসেছিলাম। সভায় নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

২০০১ সালের পর বৃহস্পতিবার আওয়ামী সংসদীয় বোর্ডের এই সভাটি অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সামনে রেখেই সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠানের রীতি আছে দলটির। এবারের সভায় নতুন কয়েকজন নেতাকে বোর্ডের সদস্য করা হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত কয়েক দিন ধরে নির্বাচনে তাদের অংশগ্রহণের সম্ভবনার ইঙ্গিত দিলেও এই প্রথমবারের মত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের অংশগ্রহণের আগ্রহের কথা প্রকাশ করা হলো।

বৃহস্পতিবার ধানমন্ডি ৩ নম্বর সড়কে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, “আন্দোলনসহ নানা তৎপরতায় ৪৭ দিন নষ্ট হয়েছে।”

তিনি তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশে বলেন, “এই ৪৭ দিন ফেরত দিতে হবে।”

গত কয়েক দিন ধরে আওয়ামী লীগ নির্বাচন পেছানোর দাবি করে আসছিল।

সেনাবাহিনীকে বিশ্রাম দেয়ার তত্ত্বাবধায়ক সরকারের নতুন সিদ্ধান্তের সমালোচনা করে আব্দুল জলিল বলেন, “সেনাবাহিনীকে এই সরকার যে বিশ্রামে পাঠিয়েছে, তাতে করে সেনাবাহিনীর ইমেজ ক্ষুন্ন হয়েছে। আমরা আগেই বলেছিলাম দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে সেনা মোতায়েন করতে হবে। সেনাবাহিনীকে বিশ্রাম দেওয়ার মাধ্যমে সে কথারই সত্যতা প্রমাণিত হয়েছে।”

জাপানী নৌযান কেনায় দুর্নীতি মামলায় এরশাদের সাজা বহাল রাখার প্রতিক্রিয়ায় জলিল বলেন, “এরশাদের বিরুদ্ধে এই রায় রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। আমরা এর নিন্দা জানাই এবং তাঁর প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

তিনি বলেন, “এরশাদ যখন চার দলীয় জোটে যাওয়ার কথা বলেছিলেন তখন তাঁর মামলাগুলো একের পর এক তুলে নেওয়া হয়। পরে বিবেক দ্বারা পরিচালিত হয়ে জনগণের স্বার্থের কথা ভেবে তিনি যখন ১৪ দলীয় জোটে যোগ দেয়ার কথা বললেন, তখনই তাঁর ওপর নির্যাতন নেমে এলো।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ত্রুটি রয়ে গেছে দাবি করে বলেন, “তালিকা সংশোধন প্রক্রিয়া সঠিকভাবে করতে হবে।”

পুনর্গঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ড সভার সভাপতি হয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা। সাধারণ সম্পাদক আব্দুল জলিল সদস্য সচিব হয়েছেন।

বোর্ডের অন্য সদস্যরা হলেন জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত, ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ ও ড. আলাউদ্দিন আহম্মেদ।